নেপালে তিন বছরের শিশু ধর্ষণ ও হত্যায় দেশজুড়ে তীব্র ক্ষোভ

August 25, 2026

নেপালের মধেশ প্রদেশে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও অধিকারকর্মীরা সরকারের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। গত সপ্তাহে নিখোঁজের তিন দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের পর থেকেই নেপালে টানা বিক্ষোভ চলছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনায় জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের অবহেলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন কিশোর সন্দেহভাজনের স্বীকারোক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়।

তদন্তের ভিডিও ফাঁস হওয়ার বিষয়ে বারা জেলার চিফ ডিস্ট্রিক্ট অফিসার ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, এক পুলিশ সদস্যের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অন্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

সিমারা শহরে কয়েকদিনের আন্দোলনের পর ভুক্তভোগী পরিবার সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করেছে। এ সময় সরকার কঠোর আইন পর্যালোচনা এবং শিশুটির স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঘটনা নেপালে কিশোর অপরাধীদের সাজা প্রদান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেক অধিকারকর্মী অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে প্রখ্যাত মানবাধিকার কর্মী গৌরী প্রধান এই নৃশংসতার নিন্দা জানালেও মৃত্যুদণ্ড প্রবর্তনের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশটিতে ২৫ হাজার ৫০০টি ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনেরও বেশি ভুক্তভোগী ছিল ১০ বছরের কম বয়সী শিশু।

Leave a Comment