যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নাসা জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পূর্ব সময় সকাল ৭টা ২৬ মিনিটে এই টেলিস্কোপটি মহাকাশে পাঠানো হবে। এই মহাকাশ অভিযান সম্পর্কে নাসার সরাসরি সম্প্রচার শুরু হবে একই দিন সকাল ৬টা ২০ মিনিট থেকে। হাবল টেলিস্কোপের চেয়ে ১০০ গুণ বড় দৃশ্যপট ধারণে সক্ষম এই টেলিস্কোপটি মহাবিশ্বের ডার্ক এনার্জি এবং এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উৎক্ষেপণের প্রস্তুতি
বর্তমানে ইনফ্রারেড প্রযুক্তির এই টেলিস্কোপটি কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ-তে স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটের ভেতরে স্থাপন করা হয়েছে। এর আগে মে মাসের শেষদিকে টেলিস্কোপের প্রাথমিক আয়নার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে কোনো কারণে উৎক্ষেপণ সম্ভব না হলে ৩১ আগস্ট সকাল ৭টা ২২ মিনিটে পুনরায় চেষ্টার পরিকল্পনা রয়েছে নাসা ও স্পেসএক্সের।
যেভাবে দেখবেন
উৎক্ষেপণ সরাসরি দেখার জন্য নাসার ওয়েবসাইট অথবা স্পেসএক্সের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট অনুসরণ করা যাবে। মূল উৎক্ষেপণের আগের দিন ২৯ আগস্ট সকাল ৯টায় নাসা মিশন সায়েন্স ব্রিফিং এবং প্রাক-উৎক্ষেপণ সংবাদ সম্মেলনের আয়োজন করবে, যেখানে রোমান টেলিস্কোপ টিমের সদস্যরা উপস্থিত থাকবেন।
টেলিস্কোপের গুরুত্ব
নাসার প্রথম চিফ অব অ্যাস্ট্রোনমি ন্যান্সি গ্রেস রোমানের নামে এই টেলিস্কোপের নামকরণ করা হয়েছে। তাকে হাবল টেলিস্কোপের ‘মা’ হিসেবে অভিহিত করা হয়। নতুন এই টেলিস্কোপটি মহাকাশের বিস্তৃত অঞ্চল পর্যবেক্ষণ করার পাশাপাশি নক্ষত্রের আলো আড়াল করে দূরবর্তী গ্রহের বাসযোগ্যতা ও সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে।