সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে তুরস্ক ও সোমালিয়ার যৌথ বাহিনীর অভিযানে জলদস্যুদের কবলে পড়া একটি কার্গো জাহাজ উদ্ধার করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানে ১৪ জন জলদস্যু নিহত হয়েছে। সোমালিয়া ও তুরস্কের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ ‘এমভি লাটুফ’ ১৭ আগস্ট নুগাল অঞ্চলের অদূরে জলদস্যুদের কবলে পড়েছিল। জাহাজটি তুরস্কের তেকিরদাগ বন্দর থেকে তানজানিয়ার দার এস সালামের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
অভিযান সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ বাহিনীর টানা চাপের মুখে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিতে বাধ্য হয়। অপারেশনের সময় দস্যুদের চারটি নৌকাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে জাহাজটির নাবিকদের অবস্থা বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
জিফলে সম্প্রদায়ের স্থানীয় প্রবীণ আবদুল্লাহ ওয়ারসামে জানিয়েছেন, জাহাজ ও এর ক্রুরা এখন মুক্ত রয়েছেন। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি এখন তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
সোমালি উপকূলে জলদস্যুতার ঘটনা বর্তমানে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫টি হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। এর আগে ২০ আগস্ট ইয়েমেনের উপকূলেও একটি কার্গো জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল।