সাশ্রয়ী মূল্যে গ্যালাক্সি বুক ৬ ল্যাপটপ আনল স্যামসাং

September 1, 2026

যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং তাদের গ্যালাক্সি বুক ৬ সিরিজের নতুন একটি সাশ্রয়ী ল্যাপটপ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মডেলটির দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, যা সিরিজের অন্য ল্যাপটপগুলোর তুলনায় বেশ কম। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ম্যাকবুক নিও’র প্রতিদ্বন্দ্বী হিসেবে এই ল্যাপটপটি বাজারে আনা হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে সিইএস (CES) ইভেন্টে গ্যালাক্সি বুক ৬ সিরিজ উন্মোচন করা হয় এবং মার্চ মাসে সিরিজের প্রথম তিনটি মডেল বাজারে ছাড়া হয়েছিল। এরপর জুন মাসে স্ন্যাপড্রাগন এক্স২ এলিট প্রসেসরের একটি প্রিমিয়াম মডেলও বাজারে আসে।

ল্যাপটপটির কনফিগারেশন ও বাজারভেদে এতে ইন্টেল কোর ৩ অথবা কোর ৫ প্রসেসর থাকবে। ক্রেতারা ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এবং ৮ জিবি বা ১৬ জিবি র‍্যামের বিকল্প বেছে নিতে পারবেন। ১৪ ইঞ্চির এই ল্যাপটপে ১,৯২০ বাই ১,২০০ পিক্সেল রেজল্যুশনের অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে এটি ২৫ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম এবং এতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

পোর্ট হিসেবে এতে দুটি ইউএসবি টাইপ-সি, একটি ইউএসবি টাইপ-এ, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট এবং ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে। ল্যাপটপটিতে এআই সিলেক্ট এবং নোট অ্যাসিস্টের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি ইকোসিস্টেমের সুবিধা থাকায় অন্যান্য গ্যালাক্সি ডিভাইসের সঙ্গে ফাইল শেয়ারিং ও গ্যালাক্সি ট্যাবকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে।

বর্তমানে ল্যাপটপটি গ্রে এবং ভায়োলেট সিলভার রঙে নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাচ্ছে। ভায়োলেট সিলভার রঙটি এই সিরিজের জন্য নতুন সংযোজন।

Leave a Comment