জিমে হার্ট অ্যাটাকের পর জীবন ফিরে পেলেন ডাউন দলের সাবেক গোলরক্ষক

September 2, 2026

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের পোর্টফেরিতে জিমে শরীরচর্চার সময় হার্ট অ্যাটাকের শিকার হয়ে জীবন ফিরে পেয়েছেন ডাউন দলের সাবেক হার্লিং গোলরক্ষক স্টিফেন কিথ। সহকর্মীদের দ্রুত সিপিআর প্রয়োগ এবং কাছাকাছি ডেফিব্রিলেটর ব্যবহারের কারণে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে জানিয়েছেন এই অ্যাথলেট।

৩৯ বছর বয়সী স্টিফেন কিথ জানান, ঘটনার দিন সকালে জিমে ব্যায়াম শেষ করার পরপরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল প্রায় ২০ থেকে ২২ মিনিট। ওই মুহূর্তে জিমে উপস্থিত এক প্রশিক্ষিত নার্স দ্রুত সিপিআর দেওয়া শুরু করেন এবং অন্যরা স্থানীয় ডেফিব্রিলেটর সংগ্রহ করেন।

হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর জানা যায়, তার একটি প্রধান ধমনী ব্লক হয়ে গিয়েছিল। সেখানে স্টেন্ট বসানোর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার শরীরে ইমপ্ল্যান্টেবল ডেফিব্রিলেটর স্থাপন করা হয়েছে।

কিথ বলেন, আমি অত্যন্ত ভাগ্যবান। সেদিন আমার সঙ্গী ব্যারি মিলিগান এবং অন্যরা যদি সেখানে না থাকতেন এবং দ্রুত সিপিআর শুরু না করতেন, তবে আজ আমি বেঁচে থাকতাম না। আমার বেঁচে থাকাটা পুরোপুরি সিপিআর প্রশিক্ষণ এবং ডেফিব্রিলেটর সুবিধার ওপর নির্ভরশীল ছিল।

নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কিথ জানান, তিনি আর প্রতিযোগিতামূলক হার্লিংয়ে ফিরবেন না। পরিবার ও সন্তানদের কথা ভেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি মানুষকে সিপিআর প্রশিক্ষণ গ্রহণের জন্য উৎসাহিত করছেন, যাতে জরুরি প্রয়োজনে জীবন বাঁচানো সম্ভব হয়।

Leave a Comment