যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নিষেধাজ্ঞা

September 2, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সরকারি স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত জেনারেটিভ এআই টুলের ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছেন মেয়র জোহরান মামদানি। ২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞার আওতায় শহরের প্রায় ৬ লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে মেয়র মামদানি জানিয়েছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে মানবিক যোগাযোগ এবং সহপাঠী ও শিক্ষকদের মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলা জরুরি।

নিষেধাজ্ঞার কারণ ও গুরুত্ব

মেয়র জোহরান মামদানি বলেন, নতুন প্রযুক্তিকে গ্রহণ করা হবে কেবল তখনই যখন তা শিক্ষার্থীদের জন্য কার্যকর ভূমিকা রাখবে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের স্ক্রিন বা প্রযুক্তিতে আসক্ত না করে শিক্ষার প্রতি মনোযোগী রাখা। মূলত অভিভাবকদের ক্রমবর্ধমান উদ্বেগ এবং সিটি কাউন্সিল সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

এই নিষেধাজ্ঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না। বরং কিছু উচ্চ বিদ্যালয়ে এআই পাইলট প্রোগ্রাম চালু থাকবে, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া, সব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই-এর বিষয়ে সমালোচনামূলক চিন্তা বা ক্রিক্যাল থিঙ্কিং বিষয়ে বছরে দুবার বিশেষ পাঠ দেওয়া হবে। তবে শিক্ষকদের ক্ষেত্রে পাঠ পরিকল্পনা বা প্রশাসনিক কাজে এআই ব্যবহারের সুযোগ থাকছে, যদি তা নিরাপত্তা মানদণ্ড মেনে চলে। প্রতিবন্ধী শিক্ষার্থী এবং কম্পিউটার বিজ্ঞানসহ বিশেষ প্রোগ্রামগুলোর ক্ষেত্রে এই নিয়মের বাইরে ছাড় দেওয়া হয়েছে।

নতুন স্ক্রিন টাইম নীতিমালা

এই ঘোষণার অংশ হিসেবে নতুন স্ক্রিন টাইম নীতিমালাও প্রবর্তন করা হয়েছে। এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দৈনিক সর্বোচ্চ ৩০ মিনিট এবং মিডল স্কুলের শিক্ষার্থীদের জন্য ৪৫ মিনিট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এগুলো বাধ্যতামূলক নয়, বরং অভিভাবকরা তাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

বিশ্বজুড়ে এআই নিয়ে সতর্কতা

নিউইয়র্কের মতো অন্যান্য দেশেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নরওয়েতে একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইতালিতে ১৪ বছরের নিচে শিশুদের এআই ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সম্মতির আইন করা হয়েছে। যুক্তরাষ্ট্রেও অপ্রাপ্তবয়স্কদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণ ও বয়স যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করার বিষয়ে আইন প্রনয়ণের আলোচনা চলছে।

Leave a Comment