ভিপিএন সংক্রান্ত আইন কার্যকর স্থগিত করল যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য

September 4, 2026

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ভিপিএন (VPN) ব্যবহার নিয়ন্ত্রণকারী আইনটির প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে। অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব কমার্স জানিয়েছে, আইনটির বিরুদ্ধে দায়ের করা আইনি চ্যালেঞ্জ নিয়ে ফেডারেল আদালতের রায় না আসা পর্যন্ত তারা এই পদক্ষেপ কার্যকর করবে না। এই আইনটি কার্যকর হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার থেকে।

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নিয়ন্ত্রণ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ইউটা চলতি বছরের শুরুর দিকে ভিপিএন ব্যবহারকে লক্ষ্য করে এসবি ৭৩ (SB 73) নামক আইনটি পাস করে। এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো আইন যেখানে সরাসরি ভিপিএন ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটিতে বলা হয়েছে, কোনো ওয়েবসাইট যদি অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর উপাদান প্রচার করে, তবে তারা ভিপিএন ব্যবহারের সুযোগ দিতে পারবে না। এছাড়া, ভিপিএন ব্যবহার করলেও ব্যবহারকারীকে ইউটার ভৌগোলিক সীমানার ভেতর থেকেই ওয়েবসাইটটি অ্যাক্সেস করছে বলে গণ্য করা হবে।

আইনটির বিরুদ্ধে পর্নহাবের মালিকানাধীন প্রতিষ্ঠান আইলো (Aylo) ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, এই আইন ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং পরিচয় চুরির ঝুঁকি বাড়িয়ে তুলবে। এর আগে থেকেই আইলো ও পর্নহাব বিভিন্ন অঙ্গরাজ্যে বয়স্ক যাচাইকরণ আইনের বিরোধিতা করে আসছে এবং অনেক জায়গায় তাদের সেবা বন্ধ রেখেছে।

ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর আশঙ্কা, এই আইন কার্যকর হলে ওয়েবসাইটগুলো হয় ভিপিএন আইপি ব্লক করবে, নয়তো সারা বিশ্বের ব্যবহারকারীদের ওপর বাধ্যতামূলক পরিচয় যাচাইকরণের চাপ তৈরি করবে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার রায় কবে দেওয়া হবে সে বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। তাই আইনটির ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের ওপরই ঝুলে আছে।

Leave a Comment