কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে আরও দুটি সংবাদমাধ্যমের মামলা

September 6, 2026

যুক্তরাষ্ট্রের সিয়াটল ও নিউইয়র্কে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে যৌথভাবে মামলা করেছে দ্য সিয়াটল টাইমস এবং নিউজডে। সংবাদমাধ্যম দুটি অভিযোগ করেছে, তাদের প্রকাশিত কনটেন্ট অনুমতি ছাড়া এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে, যা সংবাদ শিল্পের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই এবং মাইক্রোসফট পদ্ধতিগতভাবে সংবাদপত্রের পেওয়াল এড়িয়ে আর্টিকেল সংগ্রহ করছে। এর ফলে ব্যবহারকারীরা এআই থেকে সংবাদভিত্তিক বিকল্প তথ্য পাচ্ছেন, যা দ্য সিয়াটল টাইমস এবং নিউজডের ওয়েবসাইটে ট্রাফিক ও ডিজিটাল বিজ্ঞাপনের আয় কমিয়ে দিচ্ছে।

মামলার নথিতে আরও দাবি করা হয়েছে যে, এই এআই মডেলগুলো অনেক সময় ভুল তথ্য তৈরি করে তা এই সংবাদমাধ্যমগুলোর নামে চালিয়ে দিচ্ছে। পাশাপাশি, আর্টিকেলের সঙ্গে থাকা কপিরাইট ব্যবস্থাপনা তথ্যগুলোও অপসারণ করা হচ্ছে। সংবাদমাধ্যম দুটির পক্ষ থেকে জেনারেটিভ এআই-কে ‘নিজের লেজ নিজেই খাচ্ছে এমন সাপ’ হিসেবে অভিহিত করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে মূল কনটেন্ট নির্মাতাদের ধ্বংস করবে।

এর আগে ২০২৩ সালে নিউইয়র্ক টাইমস একই অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি লড়াইয়ের সূচনা করে। সেই ধারাবাহিকতায় সিএনএন-এর মতো প্রতিষ্ঠানও পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছে। তবে এপি এবং ভক্স মিডিয়ার মতো কিছু সংবাদমাধ্যম ভিন্ন পথে হেঁটে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের কনটেন্ট ব্যবহারের চুক্তি করেছে।

Leave a Comment