যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট তাদের প্রতিবেদনে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে উন্নত মানের ছবি ও ভিডিও পাঠানোর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এতদিন ভিন্ন অপারেটিং সিস্টেমের ফোনে ফাইল আদান-প্রদান করতে গিয়ে গুণগত মান হারানোর যে সমস্যা ছিল, তা আইওএস ১৮ সংস্করণে আরসিএস (RCS) সমর্থনের মাধ্যমে দূর হয়েছে।
আরসিএস ব্যবহার করার পদ্ধতি
আইফোনের নতুন আইওএস ১৮ সংস্করণে আরসিএস সাপোর্ট ডিফল্টভাবে চালু থাকে। এটি নিশ্চিত করতে সেটিংস থেকে অ্যাপস, তারপর মেসেজেস অপশনে গিয়ে আরসিএস মেসেজিং টগলটি অন আছে কি না দেখে নিতে হবে। অ্যান্ড্রয়েড ফোন থেকে ছবি পাঠানোর সময় গুগল মেসেজেসে থাকা এইচডি বা এইচডি প্লাস বাটনটি ব্যবহার করতে হবে। ফাইল পাঠানোর আগে মিডিয়া সেটিংসে ‘এইচডি প্লাস অরিজিনাল কোয়ালিটি’ নির্বাচন করলে ছবির মান অপরিবর্তিত থাকে।
বড় ফাইল ও ভিডিও পাঠানোর উপায়
বড় আকারের ভিডিও বা ফাইলের ক্ষেত্রে আরসিএস-এ ১০০ মেগাবাইটের সীমাবদ্ধতা থাকতে পারে। এ ধরনের ফাইল পাঠানোর জন্য গুগল ফটোজ বা গুগল ড্রাইভ ব্যবহার করা একটি কার্যকর সমাধান। এছাড়া অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার এখন এয়ারড্রপ সাপোর্ট করে, যা পিক্সেল ৮এ বা পরবর্তী মডেল এবং অনেক গ্যালাক্সি ডিভাইসে পাওয়া যাচ্ছে। যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন এয়ারড্রপ সাপোর্ট না করে, তবে কুইক শেয়ার অপশনে থাকা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেও আইফোন ব্যবহারকারীর কাছে ফাইল পাঠানো সম্ভব।