যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএস ওপেনে নাওমি ওসাকাকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাইবাকিনা ৬-১ ও ৬-৪ গেমে দুইবারের চ্যাম্পিয়ন ওসাকাকে পরাজিত করে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রাইবাকিনা মুখোমুখি হবেন চীনের ঝেং কিনওয়েনের। যদি তিনি শেষ আটের এই লড়াইয়ে জয়ী হন, তবে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেবেন। শীর্ষস্থানীয় আরিয়ানা সাবালেঙ্কা শিরোপা ধরে রাখলেও রাইবাকিনার সামনে এই অর্জনের সুযোগ থাকছে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় রাইবাকিনা বলেন, প্রত্যেকেই শীর্ষস্থানে পৌঁছাতে চায়। আমিও এর ব্যতিক্রম নই। পরের ম্যাচেও আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আজকের মতো সার্ভিস ঠিকঠাক থাকলে ভালো কিছু করা সম্ভব বলে তিনি মনে করেন।
ম্যাচে রাইবাকিনা দুর্দান্ত দাপট দেখিয়েছেন। মাত্র ৬৬ মিনিটে খেলা শেষ করেন তিনি। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা এই ম্যাচে পায়ের ইনজুরিতে ভুগছিলেন। রাইবাকিনা পুরো ম্যাচে সাতটি এইস এবং মোট ২৯টি উইনার হাঁকিয়ে ওসাকাকে পরাস্ত করেন। অন্যদিকে ওসাকা মাত্র ৯টি উইনার করতে সক্ষম হন।
ওসাকা তার হার এবং ক্যারিয়ারের বর্তমান অবস্থা নিয়ে বলেন, ক্যারিয়ারের নতুন কোনো গ্র্যান্ড স্ল্যাম জয় তার জীবনযাত্রায় বিশেষ কোনো পরিবর্তন আনবে না। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনো মেজর শিরোপা না জেতা ওসাকার জন্য এটি ছিল একটি কঠিন লড়াইয়ের দিন।