ফিনল্যান্ডের সাবেক ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন কিমি রাইকোরেনের ১১ বছর বয়সী ছেলে রবিন রাইকোরেন রেড বুলের ড্রাইভার ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দিয়েছেন। কার্টিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ায় রেড বুল তাকে তাদের ভবিষ্যতের ড্রাইভার তৈরির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে। ২০২৭ সাল থেকে রবিন এই প্রোগ্রামের অধীনে তার রেসিং ক্যারিয়ার এগিয়ে নেবেন।
রেড বুলের এই ডেভেলপমেন্ট প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সেবাস্টিয়ান ভেটেল এবং ম্যাক্স ভারস্ট্যাপেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা উঠে এসেছেন। রবিনকে এই প্রোগ্রামে সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কিমি রাইকোরেন। তিনি জানিয়েছেন, রোবিনের রেসিং ক্যারিয়ারের পরবর্তী ধাপ হিসেবে রেড বুলের জুনিয়র টিমে যোগ দেওয়াটা তাদের জন্য অত্যন্ত আনন্দের। কিমির মতে, একজন তরুণ ড্রাইভারের প্রতিভা বিকাশের জন্য রেড বুলের এই কর্মসূচি অত্যন্ত কার্যকর এবং এটি রবিনকে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।
রেড বুল টিম প্রিন্সিপাল লরেন্ট মেকিস রবিনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, কার্টিংয়ে সে ইতিমধ্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে। মেকিসের মতে, রবিনের গতি এবং রেসিংয়ের কৌশল তাকে নিজ বয়সের অন্যতম প্রতিশ্রুতিশীল ড্রাইভার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে মানসিকভাবে প্রস্তুত করার ওপর জোর দিচ্ছে রেড বুল। তারা জানিয়েছে, রবিনের ওপর কোনো বাড়তি চাপ না দিয়ে তাকে দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করা হবে।
উল্লেখ্য, কিমি রাইকোরেন নিজে ২০০৭ সালে ফেরারির হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২১ সালে অবসর নেওয়ার আগে তিনি ফর্মুলা ওয়ানে ২১টি জয় এবং ১০৩ বার পডিয়ামে ওঠার রেকর্ড গড়েন। বাবার দেখানো পথেই এখন রবিন তার মোটরস্পোর্টস ক্যারিয়ার গড়ার পথে হাঁটছেন। এর আগে আরেক ফিনিশ চ্যাম্পিয়ন মিকা হাক্কিনেনের মেয়ে এলা হাক্কিনেন ম্যাকলারেনের ড্রাইভার ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন।