উগান্ডার ফোর্ট পোর্টাল শহরে ঐতিহ্যবাহী তোরো রাজ্যের প্রয়াত রাজা ওইয়ো নিউম্বা কাম্বাম্বা ইগুরুর উত্তরসূরি নির্বাচন নিয়ে রাজপরিবারে তীব্র সংঘাত ও অস্থিরতা তৈরি হয়েছে। রাজপরিবারের সদস্যরা এবং রাজবংশের প্রবীণদের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে প্রয়াত রাজার শেষকৃত্যের ঠিক কয়েক দিন আগে। ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় গত মাসে ৩৪ বছর বয়সে মারা যান রাজা ওইয়ো।
রাজবংশের প্রবীণরা টেলিভিশন সংবাদ উপস্থাপক ৫৬ বছর বয়সী প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানগোমাকে নতুন রাজা হিসেবে ঘোষণা করেছেন। তবে এই সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাজার ঘনিষ্ঠ পরিবার। রাজার বোন প্রিন্সেস রুথ কোমুন্তালে দাবি করেছেন, ২০২২ সালে লেখা উইল অনুযায়ী রাজা তার নাবালক পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করে গেছেন। রাজপরিবারের পক্ষ থেকে এই ঘোষণার নিন্দা জানিয়ে এটিকে শোকের সময়ে ‘বিভ্রান্তি ও অশান্তি’ সৃষ্টি করার কৌশল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
প্রয়াত রাজার মা রানি বেস্ট কেমিগিসা অভিযোগ করেছেন যে, রাজপ্রাসাদ থেকে রক্ষীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা গৃহবন্দিত্বের মতো। রানি প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এবং সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা পরিবারটিকে শান্তিতে শোক পালনের সুযোগ দেয় এবং শেষকৃত্য সম্পন্ন করতে সহায়তা করে। শনিবার ফোর্ট পোর্টালের রাজকীয় সমাধি প্রাঙ্গণে রাজার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তোরো রাজ্যের উত্তরাধিকার প্রক্রিয়া বেশ জটিল। ব্রিটেনের রাজতন্ত্রের মতো এখানে সরাসরি উত্তরাধিকারের নিয়ম নেই। প্রথা অনুযায়ী, রাজবংশের প্রবীণ কমিটি বা উত্তরাধিকার প্যানেল নির্ধারণ করে কে পরবর্তী রাজা হবেন। রাজবংশীয় প্রবীণদের দাবি, তারা যথাযথ যাচাই-বাছাই ও আলোচনার পরেই কিজানগোমাকে মনোনীত করেছেন। প্যানেলের ১৯ জন সদস্য এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।
প্রিন্সেস কোমুন্তালে এবং রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা যুক্তি দিয়েছেন যে, মৃত রাজার লিখিত ইচ্ছার প্রতি সম্মান দেখানো উচিত। অন্যদিকে, উত্তরাধিকার প্যানেলের দাবি, রাজার কোনো পুত্রের অস্তিত্ব থাকলেও তাকে প্রচলিত প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের প্রবীণদের সামনে উপস্থাপন করা হয়নি, তাই তাকে উত্তরাধিকারী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
উগান্ডার সংস্কৃতি মন্ত্রী হেনরি তুমুকুন্দে জানিয়েছেন, তিনি এই বিরোধ মেটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট মুসেভেনি এবং সাংস্কৃতিক নেতাদের সাথে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।