যুক্তরাষ্ট্রের মিসিসিপির জ্যাকসন শহরে ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী তাশিয়া ফরচুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার মা ক্রিস্টি স্পাইভি। নিহতের মায়ের দাবি, পুলিশের তদন্তের ধীরগতিতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং শোকাহত। দীর্ঘ নীরবতার পর মঙ্গলবার জ্যাকসন পুলিশ প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, তারা এটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তবে ফরচুন কীভাবে মারা গেছেন, তার আনুষ্ঠানিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত ৩ আগস্ট একটি পরিত্যক্ত বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় ফরচুনের মরদেহ উদ্ধার করা হয়। রাজ্যের বর্ণবাদী সহিংসতার পুরনো ইতিহাসের কারণে এই মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফরচুনের মৃত্যুর কারণ জানতে অনলাইনে হাজার হাজার মানুষ পিটিশনে স্বাক্ষর করেছেন। এছাড়া মার্কিন কংগ্রেসের সদস্যরা এই ঘটনায় ফেডারেল তদন্তের আহ্বান জানিয়েছেন।
তদন্তের বিষয়ে ক্রিস্টি স্পাইভি জানান, কয়েক সপ্তাহ ধরে পুলিশের কাছ থেকে কোনো আপডেট না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে জ্যাকসন পুলিশ প্রধান রাশাল ব্র্যাকনি এক সিটি সভায় জানান, তার বিভাগ প্রথম দিন থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রয়োজনীয় প্রমাণ যেন হারিয়ে না যায়, সেজন্য সব অস্বাভাবিক মৃত্যুকে পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে।
মিসিসিপিতে গত এক বছরের কম সময়ের মধ্যে এটি তৃতীয় ঘটনা যেখানে কাউকে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। আগের দুটি ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেওয়া হয়েছিল, যদিও নিহতের পরিবার তা প্রত্যাখ্যান করেছে। ফরচুনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা প্রধান মেডিকেল পরীক্ষক ড. স্টেসি টার্নারের ভূমিকার তদন্ত চেয়ে অনলাইনে পিটিশন দায়ের করেছেন।
কাউন্সিলম্যান কেনেথ স্টোকস জানান, তিনি ফেডারেল প্রসিকিউটর ও এফবিআইয়ের কাছে এই ঘটনায় সহায়তার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু কোনো সাড়া পাননি। এছাড়া কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট বিচার বিভাগের কাছে মিসিসিপির সাম্প্রতিক কয়েকটি মৃত্যুকে আধুনিক যুগের লিনচিং বা বিচারবহির্ভূত হত্যা হিসেবে বিবেচনা করে তদন্তের অনুরোধ জানিয়েছেন। বর্তমানে ফরচুনের পরিবার ও স্থানীয়রা ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছেন।