গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বুকাবু শহরের একটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্রোহী গোষ্ঠীর নিয়োগকৃত কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আগুন থেকে বাঁচতে স্কুল ভবন থেকে বের হওয়ার সময় পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটেছে জনবহুল কাদুতো এলাকায়। অগ্নিকাণ্ডে কেবল শিশুরাই নয়, বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডে অন্তত ৩০০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। বুকাবু শহরটি দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী এবং গত বছরের ফেব্রুয়ারিতে এটি এম২৩ বিদ্রোহী গোষ্ঠী দখল করে নেয়।
ঘটনার বিষয়ে রাজধানী কিনশাসায় অবস্থিত কঙ্গো সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোকবার্তায় জানায়, জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সরকার হতাহতের সঠিক সংখ্যা না জানালেও এটিকে একটি মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছে।
সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় মূল্যায়ন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে একই ধরনের পদদলিত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছিল, যার প্রেক্ষিতে দেশজুড়ে জনসমাগমস্থলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।