যুক্তরাজ্যে ইংল্যান্ড নারী রাগবি দলের অধিনায়ক মেগ জোন্স দেশটির জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ফার্টিলিটি সাপোর্ট বা প্রজনন সহায়তা এবং এগ ফ্রিজিং সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন। বিবিসি স্পোর্টসের কাছে এই দাবি জানিয়ে ২৯ বছর বয়সী জোন্স বলেন, ক্যারিয়ার গড়ার খাতিরে কেন একজন নারীকে তার পরিবার গঠনের সুযোগ ত্যাগ করতে হবে।
বর্তমানে মেগ জোন্স নিজেও তার বাগদত্তার সাথে ফার্টিলিটি বা প্রজনন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিচ্ছেন। তিনি জানান, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে এটি খেলোয়াড়দের জন্য অত্যন্ত জরুরি। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, পরিবার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের আরও খোলামেলা আলোচনার সুযোগ থাকা উচিত।
ইংল্যান্ডের রাগবি ফুটবল ইউনিয়ন (আরএফইউ) বর্তমানে খেলোয়াড়দের জন্য মাতৃত্বকালীন এবং অভিভাবকত্ব সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করছে। আরএফইউ-এর মুখপাত্র জানান, তারা খেলোয়াড়দের পরিবার পরিকল্পনায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এই নীতি আরও উন্নত করার সুযোগ রয়েছে। যদিও বর্তমানে কোনো নির্দিষ্ট আর্থিক প্রজনন সহায়তা প্যাকেজ নেই, তবে এই বিষয়ে আলোচনা চলছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং চেলসি নারী ফুটবল দলের সাম্প্রতিক উদ্যোগের উদাহরণ টেনে মেগ জোন্স বলেন, অন্যান্য দলের কাছ থেকে শিখে খেলোয়াড়দের ক্ষমতায়ন করা সম্ভব। বর্তমানে ইংল্যান্ডের রাগবি খেলোয়াড়রা প্রজনন চিকিৎসার প্রতি সাইকেলে এক সপ্তাহের সবেতন ছুটি পাওয়ার অধিকারী। জোন্স মনে করেন, পেশাদার নারী খেলোয়াড়দের জন্য আধুনিক ফার্টিলিটি সাপোর্ট এখন সময়ের দাবি।