দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি সংশোধনাগার থেকে অভিযুক্ত ছয় নাইজেরিয়ান নাগরিককে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার এলিট পুলিশ ইউনিট ‘হকস’-এর মুখপাত্র কর্নেল কাতেলো মোগলে এই তথ্য জানিয়েছেন। অনলাইনে প্রেমের সম্পর্ক তৈরির মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হবে।
২০২১ সালে এই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শতাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রায় ১০ কোটি র্যান্ড (৬ মিলিয়ন ডলার) হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে পেনশনভোগী এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, অভিযুক্তরা ‘ব্ল্যাক এক্স’ নামক একটি মাফিয়া ঘরানার অপরাধী চক্রের সদস্য। এই চক্রটি মানব পাচার, ইন্টারনেট প্রতারণা এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সাথে যুক্ত। চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে ভুক্তভোগীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলত এবং পরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।
অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের বিরুদ্ধে তারযোগে প্রতারণা (ওয়্যার ফ্রড) এবং অর্থ পাচারের অভিযোগ আনা হবে। তবে আন্তর্জাতিক তদন্তের স্বার্থে এখন পর্যন্ত অভিযুক্তদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ব্ল্যাক এক্স অপরাধী নেটওয়ার্কটি আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকাজুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নাইজেরিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গোষ্ঠীটি মূলত শিক্ষিত তরুণদের দলে ভেড়ায় এবং সময়ের সাথে সাথে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধী সংগঠনে পরিণত হয়েছে। এফবিআই ও ইন্টারপোল গত কয়েক বছর ধরে এই চক্রের বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক অভিযান পরিচালনা করে আসছে।