স্টিমে যেভাবে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর মোড চালু করবেন

September 22, 2026

যুক্তরাষ্ট্রের কোম্পানি ভালভ তাদের নতুন স্টিম ফ্রেম ভিআর হেডসেট বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন হেডসেটের জন্য অপেক্ষা না করে ব্যবহারকারীরা বর্তমানে বাজারে থাকা বিভিন্ন হেডসেট ব্যবহার করেই স্টিম লঞ্চারের মাধ্যমে ভিআর গেমস খেলার সুবিধা পাচ্ছেন। ভালভের তথ্য অনুযায়ী, স্টিম ভিআর অ্যাপ ব্যবহার করে এইচটিসি, মেটা বা অকুলাসের মতো জনপ্রিয় হেডসেটগুলো স্টিমের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।

স্টিম ভিআর সেটআপ

প্রথমে স্টিম অ্যাকাউন্ট থেকে বিনামূল্যে ‘স্টিম ভিআর’ অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর হেডসেট, কন্ট্রোলার এবং প্রয়োজনীয় সেন্সরগুলো পিসির সঙ্গে যুক্ত করতে হবে। যারা তারবিহীন বা ওয়্যারলেস সংযোগ ব্যবহার করতে চান, তাদের মেটা কোয়েস্ট বা পিকো হেডসেটের জন্য স্টিম লিঙ্ক অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটি চালুর পর রুম-স্কেল অথবা স্ট্যান্ডিং অনলি মোড নির্বাচন করে গেমের জন্য জায়গা প্রস্তুত করতে হয়। সবশেষে হেডসেট ও কন্ট্রোলার ট্র্যাকিংয়ের মাধ্যমে সংযোগ নিশ্চিত করতে হবে।

ড্যাশবোর্ড ও সেটিংস

স্টিম ভিআর হোম একটি ডিজিটাল হাব হিসেবে কাজ করে, যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। কন্ট্রোলারের মেনু বা সিস্টেম বাটনে চাপ দিলে ড্যাশবোর্ড দেখা যায়, যেখান থেকে সরাসরি স্টিম লাইব্রেরিতে থাকা ভিআর গেমস খেলা এবং কম্পিউটারের ডেস্কটপ ভার্চুয়ালি দেখা সম্ভব।

সেটিংস মেনুর গিয়ার আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ব্রাইটনেস, রেজোলিউশন ও গ্রাফিক্স নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়াও মোশন সিকনেস কমানোর জন্য মোশন স্মুথিং, কন্ট্রোলার বাইন্ডিং এবং ফ্রেম টাইমিংয়ের মতো উন্নত সেটিংসগুলো এখান থেকেই নিয়ন্ত্রণ করা যায়।

Leave a Comment