যুক্তরাজ্যের উইগানে ৯২ বছর বয়সে মারা গেছেন রাগবি লিগের কিংবদন্তি উইঙ্গার স্যার বিলি বোস্টন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। উইগান ক্লাবের মালিক মাইক ড্যানসন তাকে সবার নায়ক হিসেবে অভিহিত করে তার বিনয়ী ব্যক্তিত্ব ও অসাধারণ অর্জনের কথা স্মরণ করেছেন। রাগবি লিগের ১৩০ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত বছর তিনি নাইট উপাধি পেয়েছিলেন, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম স্বীকৃতি।
কার্ডিফে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বোস্টন। ১৯৫৩ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি উইগানে যোগ দেন। ক্যারিয়ারের শুরুতে রাগবি ইউনিয়নের খেলোয়াড় হলেও, রাগবি লিগে তার পদচারণা ছিল অভাবনীয়। উইগানের হয়ে ৪৮৮ ম্যাচে ৪৭৮টি ট্রাই স্কোর করে তিনি অনন্য নজির গড়েছিলেন। ১৯৫৪ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করেন।
জাতীয় দলের হয়েও তিনি উজ্জ্বল ছিলেন। ১৯৬০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বোস্টন। পুরো ক্যারিয়ারে মোট ৫৭১টি ট্রাই স্কোর করেন তিনি, যা ব্রিটিশ রাগবি লিগের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। ১৯৮৮ সালে রাগবি লিগ হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে তার সম্মানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। তার জন্মস্থান কার্ডিফ এবং উইগানেও তার স্মৃতির উদ্দেশ্যে ভাস্কর্য রয়েছে।
কিছুদিন আগেই বোস্টনের স্ত্রী লেডি জোয়ান মারা যান। কর্মজীবনে তিনি এমবিই উপাধি এবং পরবর্তীতে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড সম্মাননা পেয়েছিলেন। তিনি তার শান্ত ও মার্জিত আচরণের জন্য সবার কাছে গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুতে ওয়েলস রাগবি লিগসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা ও অনুরাগীরা তাকে একজন অসাধারণ মানুষ ও কিংবদন্তি খেলোয়াড় হিসেবে স্মরণ করছেন।