১১০ বছর বা তার বেশি বয়সী মানুষের শরীরে বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতার সন্ধান

August 26, 2026

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশটির ১১০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের শরীরে এমন কিছু বিরল রোগ প্রতিরোধ কোষের সন্ধান পেয়েছেন, যা তাদের দীর্ঘায়ু হওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে। গবেষক কোসুকে হাশিমোতোর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষগুলো শরীরে নতুন কোনো হুমকি মোকাবিলায় অভিযোজিত হতে সক্ষম।

গবেষণায় দেখা গেছে, সুপার-সেন্টেনারিয়ান বা ১১০ বছর বা তার বেশি বয়সীদের শরীরে সিডি৪ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট (CD4 CTLs) নামক কোষের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে। এই কোষগুলো সাধারণত শরীরে ক্যানসার বা অস্বাভাবিক কোষ ধ্বংস করতে ভূমিকা রাখে। যখন শরীরে কোনো সংক্রমণ বা রোগ দেখা দেয়, তখন এই কোষগুলো সংখ্যায় দ্রুত বৃদ্ধি পায়।

গবেষণা দলটি ৭০ থেকে ৯৯ বছর, ১০০ থেকে ১০৯ বছর এবং ১১০ বছর বা তার বেশি বয়সী—এই তিন গ্রুপের ২৮ জন ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করেন। এতে দেখা যায়, সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের শরীরে ১৭.৬ শতাংশ সিডি৪ সিটিএল রয়েছে, যেখানে ৭০-৯৯ বছর বয়সীদের মধ্যে এই হার মাত্র ৪ শতাংশ। গবেষকদের ধারণা, ১০০ বছর বয়সের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই এই কোষগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

গবেষকরা আরও জানান, এই বিশেষ কোষগুলো নির্দিষ্ট কিছু গোষ্ঠীতে বা ক্লোন আকারে বৃদ্ধি পায়। এটি ইঙ্গিত দেয় যে, অতি বৃদ্ধ বয়সেও মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের ভেতরের বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এই কোষগুলো সরাসরি ক্যানসার প্রতিরোধ করে কি না বা দীর্ঘায়ু হওয়ার একমাত্র কারণ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে এই কোষগুলো শরীরের টিস্যুতে কীভাবে কাজ করে, তা নিয়ে অনুসন্ধান চালাবেন বিশেষজ্ঞরা।

Leave a Comment