যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত গেম নির্মাতা প্রতিষ্ঠান ডেভলভার ডিজিটাল তাদের নতুন অ্যাকশন-প্ল্যাটফর্মার গেম ‘ভলভি’স অ্যাডভেঞ্চার: রিলিমড’ প্রকাশের ঘোষণা দিয়েছে, যা রকস্টার গেমসের আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) মুক্তির দিনেই বাজারে আসবে। গেমটির প্রকাশক ডেভলভার ডিজিটাল আগেই জানিয়েছিল যে, তারা জিটিএ ৬-এর মুক্তির দিনেই একটি নতুন গেম প্রকাশ করবে এবং সেই অনুযায়ী তারা এখন বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
এই গেমটি মূলত ডেভলভার ডিজিটালের মাসকট চরিত্র ‘ভলভি’কে নিয়ে তৈরি একটি অ্যাকশন-প্ল্যাটফর্মার গেমের রিমেক। গেমটির ডেভেলপার ডইনকসফট এর আগেও ডার্ক স্ক্রোলস নামক একটি প্ল্যাটফর্মার গেম তৈরি করেছিল, যার সাথে এই গেমটির শিল্পশৈলীর মিল রয়েছে।
গেমটির ট্রেলারে দেখা গেছে, প্রধান চরিত্র ভলভি তার বিশাল মুষ্টি দিয়ে শত্রুদের পরাজিত করছে এবং বিভিন্ন স্তর পার করছে। গেমটিতে ভলভি তার শারীরিক রূপ পরিবর্তন করে ‘সোওলভি’ নামে একটি শক্তিশালী চরিত্রে পরিণত হতে পারে। গেমটির মূল লক্ষ্য হলো ভলভির অপহৃত বন্ধুদের খুঁজে বের করা এবং পৃথিবীতে ছড়িয়ে পড়া স্লাইম বা কাদার বিস্তার রোধ করা। এছাড়া প্রতিটি স্তরের মাঝে বিভিন্ন মিনি-গেম খেলার সুবিধাও থাকছে।
পিসি গেমারদের জন্য এটি জিটিএ ৬-এর বিকল্প হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যারা প্লেস্টেশন ৫ বা এক্সবক্স সিরিজের কনসোল কিনতে ইচ্ছুক নন। আগামী ১৯ নভেম্বর গেমটি স্টিম প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং এর দাম নির্ধারণ করা হয়েছে ৫ ডলার। এছাড়া মুক্তির প্রথম দিকে ২৫ শতাংশ ছাড়ের সুবিধাও থাকবে।