কেনিয়ার তুর্কানা হ্রদে মিলল ১৪ লাখ বছরের প্রাচীন পায়ের ছাপ

August 31, 2026

কেনিয়ার উত্তরাঞ্চলে প্রায় ১৪ লাখ বছর আগের প্যারাানথ্রোপাস বোসেই নামক বিলুপ্ত মানব প্রজাতির আটটি পায়ের ছাপ আবিষ্কৃত হয়েছে। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপলজির গবেষক কেভিন হাতালা এবং তার আন্তর্জাতিক দল এই বিরল ফসিলগুলো বিশ্লেষণ করেছেন। এই আবিষ্কার প্রাচীন মানব বিবর্তনের ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।

গবেষকদের মতে, পায়ের ছাপগুলো প্যারাানথ্রোপাস বোসেই প্রজাতির সদস্যদের চলাফেরার কৌশল ও সামাজিক কাঠামোর একটি চিত্র তুলে ধরে। সাধারণত হাড়ের ফসিলের চেয়ে পায়ের ছাপ প্রাচীন প্রাণীদের আচরণের তাৎক্ষণিক প্রমাণ বহন করে। বিশ্লেষণ অনুযায়ী, ওই আট ব্যক্তি সম্ভবত প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন, যারা একসঙ্গে চলাফেরা করছিলেন। সেখানে নারী বা শিশুদের কোনো ছাপ পাওয়া যায়নি।

এই আবিষ্কারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তাদের শরীরের আকার। এতদিন ধারণা করা হতো যে, প্যারাানথ্রোপাস বোসেই আকারে বেশ ছোট ছিল। কিন্তু পায়ের ছাপের আকার বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের উচ্চতা ১.৮ মিটার বা প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭৫ কেজি পর্যন্ত হতে পারত। এই আকার আধুনিক মানুষের শরীরের কাঠামোর কাছাকাছি।

হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক নিল রোচ জানান, কোনো নারী বা শিশু ছাড়াই প্রাপ্তবয়স্ক পুরুষদের একসঙ্গে ভ্রমণের তথ্যটি ইঙ্গিত দেয় যে, এই প্রজাতিটির সামাজিক কাঠামো বেশ জটিল ছিল। তারা হয়তো বড় দলে বসবাস করত, যেখানে নিরাপত্তার খাতিরে পুরুষরা একে অপরের সাথে সহাবস্থান করত এবং সঙ্গিনীর জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করত।

তুর্কানা হ্রদের তীরবর্তী এই এলাকাটি প্রাচীন মানুষের বিবর্তনের গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষক কে ভেরেনসমেয়ারের ভাষ্যমতে, হ্রদের তীরের ভৌগোলিক পরিস্থিতি এমন ছিল যা হাজার হাজার বছর ধরে এই প্রজাতিকে বারবার এখানে আকৃষ্ট করেছে। কেনিয়ার ন্যাশনাল মিউজিয়ামের পিউরিটি কিউরা এই আবিষ্কারকে মানব বিবর্তনের ইতিহাস বোঝার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment