ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপার পথে সাবালেঙ্কার শুভসূচনা

September 1, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ কামিলা ওসোরিওকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা এই তারকা খেলোয়াড় নিজের প্রতিক্রিয়ায় জানান, এই স্টেডিয়ামে খেলতে পারাটা সবসময়ই বিশেষ কিছু এবং তিনি যেকোনো মূল্যে জয়ের ধারা বজায় রাখার জন্য প্রস্তুত।

বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে থাকা সাবালেঙ্কা সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীনতায় ভুগছিলেন। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় তার শীর্ষস্থান এখন হুমকির মুখে। ইউএস ওপেনের এই শিরোপা রক্ষা করতে পারলে এবং প্রতিদ্বন্দ্বী এলেনা রিবাকিনার পয়েন্ট ব্যবধান বিবেচনায় তিনি শীর্ষস্থান ধরে রাখার সুযোগ পাবেন।

ম্যাচের শুরুতে দারুণ খেললেও দ্বিতীয় সেটে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েন সাবালেঙ্কা। এ সময় তার সার্ভিসে ধারাবাহিকতার অভাব দেখা দেয় এবং কিছু আনফোর্সড এরর করেন। তবে সব বাধা কাটিয়ে ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে জয় তুলে নেন এই চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী। পরবর্তী রাউন্ডে তিনি রাশিয়ার বাছাইপর্ব পেরিয়ে আসা পোলিনা ইয়াতচেঙ্কোর মুখোমুখি হবেন।

টুর্নামেন্টের প্রথম দিনে অন্যান্যদের মধ্যে ইগা সোয়াতেক, লিন্ডা নসকোভা এবং ক্যারোলিনা মুচোভা নিজেদের ম্যাচে জয় পেয়েছেন। এছাড়াও নিজের ২৫তম জন্মদিনে জয় তুলে নিয়েছেন আমেরিকান আমান্ডা আনিসিমোভা।

Leave a Comment