ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমন্তানের কেতাপং এলাকায় ভয়াবহ দাবানলে ওরাংওটাংয়ের জীবন ও আবাসস্থল চরম ঝুঁকির মুখে পড়েছে। বন্যপ্রাণী ফাউন্ডেশন ইয়াসান ইনিসিয়াসি আলাম রেহ্যাবিলিটাসি ইন্দোনেশিয়ার (ওয়াইআইএআরআই) প্রধান নির্বাহী কারমেলে লিয়ানো সানচেজ জানিয়েছেন, দাবানলের কারণে এই প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
বোর্নিও এবং সুমাত্রা দ্বীপের ছয়টি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়া সরকার ধোঁয়া নিয়ন্ত্রণে প্রচেষ্টা জোরদার করেছে। দাবানলে শত শত ওরাংওটাংয়ের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। সানচেজের ভাষ্যমতে, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং দাবানলের কারণে ওরাংওটাংগুলো খাদ্য ও পানির তীব্র সংকটে পড়েছে।
সম্প্রতি কেতাপং এলাকায় মাটিতে পড়ে থাকা একটি দুর্বল ওরাংওটাংকে উদ্ধার করা হয়েছে। ওয়াইআইএআরআই জানিয়েছে, উদ্ধারকৃত ওরাংওটাংটিকে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সুস্থ হওয়ার পর সেটিকে আবারও বনাঞ্চলে অবমুক্ত করা হবে।