যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে র‍্যাপার টুয়াক শাকুর হত্যায় গ্যাং লিডার দোষী সাব্যস্ত

September 1, 2026

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতে প্রাক্তন গ্যাং লিডার ডোয়েন ‘কেফে ডি’ ডেভিসকে বিখ্যাত র‍্যাপার টুয়াক শাকুরের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসে গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনায় শাকুরের মৃত্যুর প্রায় তিন দশক পর এই রায় এল। আদালতের রায়ে বলা হয়েছে, ডেভিস মারাত্মক অস্ত্র ব্যবহার করে এই খুনের পরিকল্পনা করেছিলেন।

৬৩ বছর বয়সী ডেভিস আদালতে কালো স্যুট পরে রায় শোনার সময় শান্ত ছিলেন। রায় ঘোষণার পর তিনি আপিল করার ঘোষণা দিয়েছেন। সরকারি কৌঁসুলিরা আদালতে দাবি করেন, ডেভিস নিজে গুলি না করলেও তিনি তার ভাতিজা অরল্যান্ডো অ্যান্ডারসনকে দিয়ে গুলি করিয়েছেন এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। অ্যান্ডারসন ১৯৯৮ সালে অন্য এক ঘটনায় নিহত হন।

বিচার চলাকালে ২০০৮ সালে পুলিশের কাছে দেওয়া ডেভিসের একটি সাক্ষাৎকারের রেকর্ড উপস্থাপন করা হয়। সেখানে তিনি স্বীকার করেছিলেন যে, যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছিল, তিনি সেই গাড়িতেই ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি মারামারির জেরে প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে প্রসিকিউটররা জানান।

বিচারের সময় ডেভিসের আইনজীবীরা দাবি করেছিলেন, তিনি বই বিক্রি ও প্রচারের জন্য নিজের সম্পর্কে বাড়িয়ে কথা বলেছিলেন এবং তিনি এসব খুনের সঙ্গে জড়িত নন। তবে জুরি এই যুক্তি গ্রহণ করেনি। শাকুরের পরিবার ও ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিচারক কার্লি কিয়ার্নি আগামী ১৩ অক্টোবর সাজা ঘোষণার দিন ধার্য করেছেন।

Leave a Comment