মিশরে বাস দুর্ঘটনায় ১৬ যাত্রী নিহত

September 2, 2026

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশের দাহাব ও নুইবা শহরের মধ্যবর্তী সড়কে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, বুধবার সকালে এই দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য দুর্ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ সিনাইয়ের এই অঞ্চলটি বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য হিসেবে পরিচিত।

মিশরে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সড়কের নাজুক অবস্থাকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। উল্লেখ্য, গত মাসেই উত্তর-পূর্ব ইসমাইলিয়া প্রদেশে দুটি লরির সংঘর্ষে ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন।

Leave a Comment