যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডারহামে অবস্থিত ডিউক হেলথ হাসপাতালে অ্যাপল ভিশন প্রো হেডসেট ব্যবহার করে সফলভাবে একটি হিপ সার্জারি সম্পন্ন হয়েছে। স্ট্রাইকার নামক চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের তৈরি স্পোর্টসুইট ভিশন সফটওয়্যার এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছে। গত জুলাই মাসে এফডিএ এই সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দিয়েছিল, যা এবারই প্রথম বাস্তব অস্ত্রোপচারে ব্যবহৃত হলো।
সার্জারির সময় এই মিশ্র বাস্তবতার (মিক্সড রিয়েলিটি) হেডসেটটি সার্জনকে ডিউক হেলথের অর্থোপেডিক সার্জারির পরিকল্পনা টুল, আর্থ্রোস্কোপিক ইমেজ এবং সিটি স্ক্যান ইমেজ দেখার সুবিধা প্রদান করে। এর ফলে সার্জন একই সঙ্গে রোগী ও ডিজিটাল তথ্য নিয়ে কাজ করতে সক্ষম হন।
ডিউক হেলথের অর্থোপেডিক সার্জন ডা. চ্যাড ম্যাথার তৃতীয় জানিয়েছেন, স্পেশাল কম্পিউটিং প্রযুক্তি ব্যবহারের ফলে অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় ক্লিনিক্যাল তথ্যগুলো নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এতে স্টেরাইল ফিল্ড বা জীবাণুমুক্ত পরিবেশে কাজ করা সহজ হয়েছে এবং তথ্যগুলো চোখের সামনে থাকায় অস্ত্রোপচার প্রক্রিয়া আরও সাবলীল হয়েছে।
অ্যাপল ভিশন প্রো-এর উচ্চমূল্য এবং সফটওয়্যার তৈরির জটিলতার কারণে সাধারণ চিকিৎসকের চেম্বারে এর ব্যবহার নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম। এছাড়া অ্যাপল সম্প্রতি তাদের ভিশন প্রো টিমের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করেছে। তবে জটিল সার্জারির মতো ক্ষেত্রে এই প্রযুক্তির সফল প্রয়োগ প্রমাণ করে যে, বিশেষায়িত কাজে এটি তার পূর্ণ সম্ভাবনা পূরণ করতে সক্ষম।