অ্যাপ ট্র্যাকিং নীতিমালা নিয়ে অ্যাপলের বিরুদ্ধে ২.৭ বিলিয়ন ডলারের মামলা

September 4, 2026

যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নীতিমালা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে ২.৭ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্যের অ্যান্টি-ট্রাস্ট ওয়াচডগ ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’র একজন সাবেক কর্মকর্তা অ্যাপ ডেভেলপারদের পক্ষে এই মামলাটি করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপল তাদের এই নীতিমালাটি বাইরের ডেভেলপারদের জন্য কঠোর করে রাখলেও নিজেদের অ্যাপের ক্ষেত্রে শিথিলতা বজায় রেখেছে, যা তাদের নিজস্ব বিজ্ঞাপন ব্যবসাকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এটিটি নীতিমালা নিয়ে বিরোধ

২০২১ সালে প্রবর্তিত এটিটি নীতিমালার উদ্দেশ্য ছিল ব্যবহারকারীরা অন্য অ্যাপ বা ওয়েবসাইটে তাদের কর্মকাণ্ড কতটা ট্র্যাক করা হবে, সেটির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের নিজস্ব পরিষেবাগুলোও বাইরের ডেভেলপারদের সমান নিয়ম মেনেই পরিচালিত হয়।

ইউরোপে আইনি চ্যালেঞ্জ

ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাগুলো অ্যাপলের এই নীতিমালা নিয়ে তদন্ত করেছে। গত মাসে জার্মানির ফেডারেল কার্টেল অফিস জানিয়েছে, অ্যাপল তাদের নিজস্ব অ্যাপগুলোকে বাইরের অ্যাপের তুলনায় বেশি প্রাধান্য দেয়। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, অ্যাপলের নিজস্ব অ্যাপের ক্ষেত্রে পপ-আপগুলো ব্যবহারকারীদের সম্মতি দানে উৎসাহিত করে, যা বাইরের অ্যাপের ক্ষেত্রে ভিন্ন। এই পরিস্থিতির প্রেক্ষিতে অ্যাপল ইউরোপীয় ইউনিয়নে তাদের নীতিমালায় কিছু পরিবর্তনের বিষয়ে সম্মত হয়েছে। এর আগে, এটিটি সংক্রান্ত জটিলতায় গত বছর ফ্রান্সের কম্পিটিশন অথরিটি অ্যাপলকে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।

Leave a Comment