বার্লি হর্স ট্রায়ালসে প্রথমবার চ্যাম্পিয়ন জেম্মা স্টিভেন্স

September 7, 2026

যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের স্ট্যামফোর্ডে অনুষ্ঠিত বার্লি হর্স ট্রায়ালসে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন ব্রিটিশ অশ্বারোহী জেম্মা স্টিভেন্স। রোববার এই জয়ের মাধ্যমে ৪১ বছর বয়সী এই অলিম্পিয়ান তার দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ফাইভ-স্টার টুর্নামেন্টের সর্বোচ্চ ট্রফি নিজের করে নিলেন। নিজের ৩১তম প্রচেষ্টায় এই সাফল্য পেলেন তিনি।

চিলি নাইট নামের ঘোড়ায় চড়ে স্টিভেন্স শো-জাম্পিং রাউন্ডে কোনো ভুল ছাড়াই টুর্নামেন্ট শেষ করেন। ২৯.৬ ড্রেসেজ স্কোর ধরে রেখে তিনি এই জয় নিশ্চিত করেন। এবারের আসরে একমাত্র রাইডার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ব্রিটেনের কেটি ম্যাগি। তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন পামুকু।

নিজের অনুভূতি প্রকাশ করে জেম্মা স্টিভেন্স বলেন, বড় কোনো টুর্নামেন্টে জিততে ২৫ বছর সময় লেগেছে। শেষ পর্যন্ত বার্লি জিততে পেরে আমি অত্যন্ত গর্বিত।

২০০৭ সালে প্রথম ফাইভ-স্টার লেভেলে অংশ নেওয়া স্টিভেন্স এর আগে ২০২১ সালে বিকটনে একটি ফাইভ-স্টার ইভেন্ট জিতেছিলেন। তবে বার্লিতে এই প্রথমবার জয় পেলেন তিনি। চিলি নাইটের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, ঘোড়াটির জন্ম থেকেই তার সাথে আমার সম্পর্ক, এই জয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গত মাসে জার্মানির আখেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রিটেনের হয়ে অংশ নিয়ে ক্রস-কান্ট্রি ইভেন্ট শেষ করতে না পারায় হতাশ হতে হয়েছিল স্টিভেন্সকে। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে বার্লির জয়কে তিনি নিজের জন্য এক ধরনের রিডেম্পশন বা ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবে দেখছেন।

Leave a Comment