নতুন গেমের ব্যবসায়িক সাফল্যে পুরনো ফ্র্যাঞ্চাইজি ফেরানোর পরিকল্পনা ক্যাপকমের

September 8, 2026

জাপানের ওসাকায় অবস্থিত গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘অনমুশা: ওয়ে অফ দ্য সোর্ড’ গেমটির অভাবনীয় সাফল্যের পর নতুন করে পুরনো ও নিষ্ক্রিয় গেম সিরিজগুলো বাজারে ফেরানোর ঘোষণা দিয়েছে। গেমটির প্রথম দিনের বিক্রয় সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই ব্যবসায়িক গতিকে কাজে লাগিয়ে তাদের পুরনো গেমগুলোর দিকে নজর দেওয়ার কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বছর নতুন গেম রিলিজের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা আইপিগুলো বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুনরায় সক্রিয় করার দিকে তারা গুরুত্ব দিচ্ছে। ২০০৬ সালের পর ‘অনমুশা’ সিরিজের এটিই প্রথম প্রধান গেম। ক্যাপকমের ভাষ্যমতে, কোম্পানির সমৃদ্ধ লাইব্রেরি ব্যবহার করে তাদের ব্যবসায়িক মান আরও বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে ক্যাপকম ‘ওকামি’র সিক্যুয়েল এবং ‘মেগা ম্যান: ডুয়াল ওভাররাইড’ নিয়ে কাজ করছে। এছাড়া ২০০৩ সালের পর নতুন কোনো ‘ডিনো ক্রাইসিস’ গেম না আসায় ভক্তদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিরিজটির দিকেও প্রতিষ্ঠানটির নজর রয়েছে। গত বছর এর প্রথম দুটি গেমের বান্ডেল মুক্তি দেওয়া হয়েছে এবং চলতি বছরের শেষদিকে ‘ডিনো ক্রাইসিস ২’ প্লে-স্টেশন প্লাস গেম ক্যাটালগে যুক্ত হওয়ার কথা রয়েছে।

‘ডেড রাইজিং’ সিরিজের সাম্প্রতিক রিম্যাকের পর সেটি নিয়েও নতুন ভাবনার অবকাশ রয়েছে। তবে ক্যাপকমের ক্যাটালগে ‘ডেভিল মে ক্রাই’ এবং ‘এস অ্যাটর্নি’র মতো দুটি শক্তিশালী সিরিজ রয়েছে, যেগুলোতে নতুন গেমের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০১৯ সালের পর ‘ডেভিল মে ক্রাই’ সিরিজে নতুন কোনো গেম আসেনি এবং ১০ বছর ধরে ‘এস অ্যাটর্নি’র নতুন কোনো কিস্তি বাজারে নেই। উল্লেখ্য, ‘ডেভিল মে ক্রাই’ সিরিজটি ৪ কোটি ১০ লাখ এবং ‘এস অ্যাটর্নি’ সিরিজটি ১ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে।

Leave a Comment