যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের লিন কাউন্টিতে বন্ধ হয়ে যাওয়া ডুয়েন আর্নল্ড এনার্জি সেন্টার পুনরায় সচল করতে নেক্সটএরা এনার্জিকে ১৯০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে মার্কিন জ্বালানি বিভাগ (ডিওই)। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গুগলের এআই ডেটা সেন্টারের কাজে ব্যবহৃত হবে, যা একই সঙ্গে স্থানীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি করবে এবং হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।
এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ক্রমবর্ধমান ডেটা সেন্টারের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের উৎস খুঁজছে। গুগল ২০১৮ সালের মধ্যে তাদের বিদ্যুৎ ব্যবহার শতভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছিল। তবে সম্প্রতি টেক্সাসে ডেটা সেন্টারের জন্য প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। টেসলা ও মেটার মতো কোম্পানিগুলোও নিজস্ব জেনারেটর বা গ্রিড বিদ্যুৎ ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে গুগলের এই পারমাণবিক চুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি কার্বন নির্গমন কমিয়ে তুলনামূলক পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহে সহায়তা করবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ আগস্ট প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে কেন্দ্রটির কুলিং টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। যদিও কেন্দ্রটি সে সময় অবসরের প্রক্রিয়ায় ছিল, তবে ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার কারণে এটি আবারও আলোচনায় এসেছে। ২০২৯ সালের মধ্যে কেন্দ্রটি থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। মার্কিন জ্বালানি বিভাগের লক্ষ্য অনুযায়ী মোট তিনটি বন্ধ বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে।