ইতালির কোমো শহরে ক্লাবের ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ অভিষেককে কেন্দ্র করে নিজেদের নির্ধারিত আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট মিরওয়ান সুওয়ারসো ও বেশ কয়েকজন পরিচালক। বৃহস্পতিবার আরবির লিপজিগের বিপক্ষে ম্যাচটি কোমো’র ১১৯ বছরের ইতিহাসে প্রথম কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচ হওয়ায় টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে।
কোমোর নিজস্ব মাঠ স্তাদিও জিউসেপ সিনিগালিয়ার দর্শক ধারণক্ষমতা প্রায় ১২ হাজার। তবে উয়েফার সম্প্রচার ও পরিচালনা সংক্রান্ত বাধ্যবাধকতার কারণে আসন সংখ্যা আরও ১ হাজার কমে গেছে। টিকিটের সংকটের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের প্রেসিডেন্ট মিরওয়ান সুওয়ারসো এই মানবিক সিদ্ধান্তের কথা জানান।
সুওয়ারসো জানিয়েছেন, ক্লাবের যেসব কর্মকর্তা ও পরিচালক টিকিট পেয়েছেন, তাদের একটি অংশ প্রবীণ সমর্থকদের জন্য সেই আসনগুলো ছেড়ে দেবেন। মূলত ১৯৫০ সাল বা তার আগে জন্মগ্রহণ করা ভক্তদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যারা দশকের পর দশক ধরে ক্লাবের নানা উত্থান-পতনের সাক্ষী।
গত মৌসুমে সেস ফ্যাব্রেগাসের কোচিংয়ে সেরি আ লিগে চতুর্থ স্থান অর্জন করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে কোমো। এর আগে দুইবার দেউলিয়া হওয়া ক্লাবটি গত ছয় বছরে তিনবার পদোন্নতি পেয়ে ইউরোপীয় ফুটবলের মূল স্রোতে ফিরেছে। লিপজিগের পর ফেইনুর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার মতো বড় দলের বিপক্ষেও মাঠে নামবে তারা।