যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে জিপিইউ ড্রাইভার আপডেট রাখা পিসির কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি বিশ্লেষক আদনান আহমেদ জানিয়েছেন, গ্রাফিক্স কার্ডের পারফরম্যান্স অপ্টিমাইজ করতে এবং নতুন গেম খেলার জন্য লেটেস্ট ড্রাইভার থাকা অপরিহার্য।
উইন্ডোজ আপডেট ও ডিভাইস ম্যানেজার
সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেটিংস থেকে উইন্ডোজ আপডেট চেক করা। তবে উইন্ডোজ আপডেট সবসময় সর্বশেষ ড্রাইভার সংস্করণ দেয় না। এক্ষেত্রে ডিভাইস ম্যানেজার ব্যবহার করে ড্রাইভার আপডেট করা যায়। স্টার্ট মেনু থেকে ডিভাইস ম্যানেজার ওপেন করে ডিসপ্লে অ্যাডাপ্টার সেকশন থেকে জিপিইউ সিলেক্ট করে ‘আপডেট ড্রাইভার’ অপশনে ক্লিক করতে হয়।
কম্প্যানিয়ন সফটওয়্যারের ব্যবহার
এনভিডিয়া, এএমডি বা ইন্টেলের মতো নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সফটওয়্যার ব্যবহার করা সবচেয়ে কার্যকর। এনভিডিয়া অ্যাপ, এএমডি সফটওয়্যার: অ্যাড্রেনালিন এডিশন বা ইন্টেল গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভার আপডেট চেক ও ইনস্টল করা সম্ভব। ইন্সটলেশনের সময় ডিসপ্লে কয়েকবার ফ্লিকার করতে পারে, যা স্বাভাবিক।
ম্যানুয়াল পদ্ধতি
সফটওয়্যার ব্যবহার করতে না চাইলে গ্রাফিক্স কার্ড নির্মাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ড্রাইভার ডাউনলোড করা যায়। গুগল সার্চে জিপিইউ মডেল লিখে সার্চ দিলে নির্মাতার ড্রাইভার পেজ পাওয়া যাবে। সেখান থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে ম্যানুয়ালি ইনস্টল করা সম্ভব। অনেক সময় নতুন ড্রাইভারের কারণে গেম ক্র্যাশ বা সমস্যা হলে আগের ভার্সন ইনস্টল করার প্রয়োজন হতে পারে, যা ম্যানুয়াল পদ্ধতিতে সহজ হয়।