যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে লিফট অ্যাপের মাধ্যমে এখন থেকে ওয়েমোর সম্পূর্ণ চালকবিহীন গাড়িতে যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। লিফট কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েমোর নিজস্ব অ্যাপের পাশাপাশি এখন থেকে লিফটের মাধ্যমেও এই সেবা পাওয়া যাবে। এটি এমন প্রথম বাজার যেখানে যাত্রী পরিবহন সেবা প্রতিষ্ঠানটির উভয় অ্যাপেই ওয়েমোর গাড়ি যুক্ত করা হলো।
যাত্রীরা স্ট্যান্ডার্ড, প্রায়োরিটি পিকআপ, ওয়েট অ্যান্ড সেভ বা এক্সট্রা কমফোর্ট রাইডের জন্য অনুরোধ জানালে ওয়েমোর গাড়ির সঙ্গে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভ্রমণের শুরু এবং শেষ উভয় পয়েন্টই ন্যাশভিল শহরের কেন্দ্রস্থলে ওয়েমোর নির্ধারিত সেবার আওতাভুক্ত এলাকায় হতে হবে। ওয়েমোর সেবার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ডাউনটাউন/ব্রডওয়ে, নর্থ ন্যাশভিল/জার্মানিটাউন, ইস্ট ন্যাশভিল, মিডটাউন এবং সাউথ ন্যাশভিল।
এই সেবার জন্য যাত্রীদের অতিরিক্ত কোনো খরচ করতে হবে না। তবে চালকবিহীন গাড়িতে ভ্রমণ করতে না চাইলে যাত্রীরা চাইলে তা এড়িয়ে যেতে পারবেন। এছাড়া রাইড রিকোয়েস্টের পর কোনো বিশেষ মুহূর্তে চালকবিহীন গাড়িতে চড়তে না চাইলে সেটি প্রত্যাখ্যান করার সুযোগও রয়েছে। লিফট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শহরের আরও বেশি এলাকায় এই গাড়ির প্রাপ্যতা বাড়ানো হবে।
গত বছরের সেপ্টেম্বরে লিফট এবং ওয়েমো একে অপরের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে ন্যাশভিলে ওয়েমো তাদের গাড়ির পরীক্ষা চালানো শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোনো মানব চালক ছাড়াই গাড়ি চালানোর সরকারি অনুমতি পায় ওয়েমো।