মার্কিন এআই মডেল চুরির অভিযোগ চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে

September 9, 2026

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা চীনের বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানির বিরুদ্ধে শিল্প পর্যায়ে মার্কিন প্রযুক্তি নকলের গুরুতর অভিযোগ তুলেছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) একটি যৌথ সাইবার নিরাপত্তা উপদেষ্টা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মার্কিন এআই মডেলগুলোর মালিকানাধীন কার্যকারিতা ও সক্ষমতা অবৈধভাবে সংগ্রহ করার মাধ্যমে চীনা কোম্পানিগুলো তাদের নিজস্ব এআই মডেল গড়ে তুলছে বলে সতর্ক করেছে সংস্থাগুলো।

অভিযুক্ত কোম্পানির তালিকায় রয়েছে ডিপসিক (DeepSeek), মুনশট এআই, আলিবাবা, মিনিম্যাক্স, স্টেপফান এবং জেড ডট এআই। সংস্থাগুলোর ভাষ্যমতে, ২০২৪ সাল থেকে এই কোম্পানিগুলো অ্যানথ্রোপিকের ক্লড, ওপেনএআইয়ের জিপিটি, গুগলের জেমিনি এবং এক্সএআইয়ের গ্রোক মডেল থেকে কয়েকশ কোটি টোকেন সংগ্রহ করেছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘ডিস্টিলেশন’, যেখানে একটি শক্তিশালী মডেলের আউটপুট ব্যবহার করে নতুন মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে, ডিপসিক তাদের আর১ মডেল তৈরির জন্য ক্লড, জেমিনি, জিপিটি এবং গ্রোকের ডেটা ব্যবহার করেছে। একইভাবে মুনশট এআই তাদের কিমি কে৩ মডেল তৈরির জন্য ক্লডের ফেবল মডেল থেকে ডেটা সংগ্রহ করেছে। এছাড়া কিমি কে২ মডেল তৈরিতে জিপিটি-৪ও-এর ডেটা ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

আমেরিকান কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি চুরির চেষ্টা করছে। এর আগে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকও বেশ কিছু চীনা কোম্পানির বিরুদ্ধে একই ধরণের কর্মকাণ্ডের অভিযোগ এনেছিল। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

Leave a Comment