যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ন্যাপচ্যাট তাদের প্ল্যাটফর্মে ‘স্ন্যাপচ্যাট প্ল্যানস’ নামে নতুন একটি ইভেন্ট পরিকল্পনা ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। স্ন্যাপের তথ্যমতে, এই সরঞ্জামের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই সরাসরি ব্যক্তিগত আড্ডার মতো ছোট ও বড় ইভেন্টের আয়োজন করতে পারবেন, যেখানে সর্বোচ্চ ২০০ জন যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
স্ন্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশই বর্তমানে গ্রুপ চ্যাটের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের ‘মাই প্ল্যানস’ সেকশন থেকে ইভেন্ট তৈরি ও আমন্ত্রণপত্র ট্র্যাক করতে পারবেন।
ইভেন্ট তৈরির পর আমন্ত্রিতরা সরাসরি ডাইরেক্ট মেসেজের (ডিএম) মাধ্যমে নোটিফিকেশন পাবেন। ব্যবহারকারীরা তাদের উপস্থিতির বিষয়ে ‘যাচ্ছি’, ‘যেতে পারব না’ অথবা ‘হয়তো যেতে পারি’—এই অপশনগুলো থেকে সিদ্ধান্ত জানাতে পারবেন। এতে বিটমোজি-থিমযুক্ত কভার আর্টের মতো স্ন্যাপচ্যাটের নিজস্ব কিছু নান্দনিক ফিচারও যুক্ত করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে স্ন্যাপ জানিয়েছে, প্রতিটি ইভেন্ট ব্যক্তিগত রাখা হবে। শুধুমাত্র ইভেন্ট নির্মাতা এবং আমন্ত্রিতরাই এই ইভেন্টটি দেখতে পাবেন। তবে আমন্ত্রিত যে কেউ অতিথিদের তালিকা দেখতে পারবেন।
বর্তমানে এই ফিচারে সরাসরি লোকেশন বা স্থান যোগ করার সুবিধা নেই, যা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের জন্য কিছুটা বিস্ময়কর। স্ন্যাপের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা লোকেশন যুক্ত করার ফিচারের ওপর কাজ করছেন। এটি ভবিষ্যতে স্ন্যাপ ম্যাপের সঙ্গে যুক্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।