যুক্তরাষ্ট্রের টি-মোবাইল এবং জার্মানির ডয়চে টেলিকম গ্রাহকদের জন্য আইফোন হ্যান্ডঅফ ফিচার ব্যবহারে মাসে ৫ ডলার অতিরিক্ত মাশুল নির্ধারণ করা হয়েছে। আইওএস ২৭-এ যুক্ত হতে যাওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই ই-সিম নম্বর দুটি ভিন্ন আইফোনে ব্যবহারের সুযোগ পাবেন।
তবে এই ফিচারের আওতায় দুটি ফোনে একই সময়ে একই নম্বর ব্যবহার করা সম্ভব নয়। গ্রাহকরা চাইলে যেকোনো একটি ডিভাইসকে সক্রিয় রাখতে পারবেন এবং প্রয়োজনে যেকোনো সময় তা পরিবর্তন করতে পারবেন। ফিচারটি সক্রিয় থাকলে কল, ভয়েসমেইল, মেসেজ এবং ‘ফাইন্ড মাই’ স্বয়ংক্রিয়ভাবে বর্তমান ডিভাইসে স্থানান্তরিত হবে। এছাড়া আইক্লাউড ডেটা এবং থার্ড-পার্টি অ্যাপগুলোও ডিভাইসের মধ্যে সিঙ্ক হবে।
ফিচারটি সেটআপ করতে গ্রাহকদের আইফোনের সেটিংসে গিয়ে সেলুলার অপশন থেকে ই-সিম যুক্ত করতে হবে। এরপর ‘আইফোন’ নির্বাচন করে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রক্রিয়াটি সফল হলে স্ক্রিনের ওপরের অংশে ‘সুইচড টু দিস আইফোন’ বার্তাটি দেখা যাবে।
এই সুবিধা পাওয়ার জন্য দুটি ডিভাইসেই আইওএস ২৭ অপারেটিং সিস্টেম থাকতে হবে এবং একই অ্যাপল আইডি ব্যবহার করতে হবে। আগামী ১৪ সেপ্টেম্বর অ্যাপল আইওএস ২৭ আপডেটটি অবমুক্ত করবে।