অ্যান্ড্রয়েড অটোতে সংযোগ সমস্যা সমাধানে গাড়ির সফটওয়্যার আপডেট জরুরি

September 13, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল অ্যান্ড্রয়েড অটোতে সংযোগ জনিত সমস্যা সমাধানে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের সফটওয়্যার আপডেট করার পরামর্শ দিয়েছে। স্মার্টফোন কিংবা কেবল পরিবর্তনের পরও যদি অ্যান্ড্রয়েড অটো ঠিকমতো কাজ না করে, তবে গাড়ির ড্যাশবোর্ড বা ইনফোটেইনমেন্ট সিস্টেমের ফার্মওয়্যার আপডেট করা জরুরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাধারণত অ্যান্ড্রয়েড অটোতে কোনো ত্রুটি দেখা দিলে ব্যবহারকারীরা শুধু ফোনের সেটিংস বা ইউএসবি কেবল পরীক্ষা করেন। কিন্তু গাড়ির সফটওয়্যার পুরনো হলে তা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। গুগল ব্যবহারকারীদের তাদের গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম রিস্টার্ট করার পাশাপাশি পাইওনিয়ার বা কেনউডের মতো আফটার মার্কেট ইউনিটের ক্ষেত্রে নির্মাতার ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার আপডেট চেক করতে বলেছে।

গাড়ি নির্মাতারা নিয়মিত তাদের ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য আপডেট প্রকাশ করে, যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সংযোগ আরও উন্নত করে। হুন্দাইয়ের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসা আপডেটটি ইউরোপে তাদের সিসিনসি (ccNC) যুক্ত গাড়ির সংযোগ দ্রুত করার পাশাপাশি পুনরায় সংযোগ স্থাপনের প্রক্রিয়া সহজ করেছে। শেভ্রোলে তাদের ব্যবহারকারীদের পরামর্শ দেয়, অ্যান্ড্রয়েড অটোতে সমস্যা হলে ফোন এবং গাড়ির সফটওয়্যার—উভয়ই আপডেট করতে।

গাড়ির সফটওয়্যার আপডেট করার প্রক্রিয়া একেক কোম্পানির ক্ষেত্রে একেক রকম। কিছু সিস্টেমে ওয়াই-ফাইয়ের মাধ্যমে আপডেট করা যায়, আবার কোনো ক্ষেত্রে ইউএসবি ড্রাইভ বা এসডি কার্ড ব্যবহার করতে হয়। গাড়ির নির্মাতার ওয়েবসাইটে গিয়ে ভিআইএন (VIN) বা মডেল নম্বর ব্যবহার করে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ফার্মওয়্যার আপডেট করলেই সব সমস্যার সমাধান হবে এমনটি নয়। অ্যান্ড্রয়েড বা ফোনের কোনো আপডেটের পরপরই সমস্যা শুরু হলে, গুগলের ‘নোন ইস্যু’ পেজটি আগে যাচাই করে দেখা প্রয়োজন। গুগল পিক্সেল ১০ বা স্যামসাং এস২৬ সিরিজের ফোনে সাম্প্রতিক সংযোগ ত্রুটিগুলো এই তালিকার ভিত্তিতে সমাধান করা হয়েছে। এ ছাড়া পুরনো যেসব হার্ডওয়্যার অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে না, সেগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সুবিধা যোগ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

Leave a Comment