ওকিনাওয়ার গভর্নর নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রীর প্রার্থীর জয়

September 14, 2026

জাপানের ওকিনাওয়ায় আয়োজিত গভর্নর নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সমর্থিত প্রার্থী গেন্তা কোজা জয়লাভ করেছেন। নির্বাচনে তিনি বর্তমান গভর্নর ডেনি তামাকিকে পরাজিত করেন, যিনি ওকিনাওয়া থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার পক্ষে সোচ্চার ছিলেন। ওকিনাওয়ার নির্বাচনী কর্মকর্তাদের সোমবারের ঘোষণা অনুযায়ী, নির্বাচনে গেন্তা কোজা ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। এই ফলাফল জাপানের দক্ষিণাঞ্চলীয় এই প্রিফেকচারে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘদিনের বিরোধিতার অবসান ঘটাতে পারে।

গেন্তা কোজা ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের সাবেক ডেপুটি মেয়র। ৪২ বছর বয়সী কোজা ১৯৭২ সালে ওকিনাওয়া জাপানের অধীনে ফেরার পর সবচেয়ে কম বয়সী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া তিনি জাপানের এই প্রিফেকচারের প্রথম গভর্নর, যার জন্ম দ্বীপটি জাপানের অধীনে ফেরার পর।

গবেষকদের মতে, কোজার এই জয়ের ফলে ফুতেনমা বিমান ঘাঁটি থেকে মার্কিন মেরিন সেনাদের স্থানান্তর এবং হেনোকোতে নতুন সামরিক স্থাপনা তৈরির আইনি বাধা দূর হতে পারে। ইউনিভার্সিটি অব দ্য রিউকিউসের ইমেরিটাস অধ্যাপক মাসাকি গাবে জানান, নতুন গভর্নরের আমলে অসামরিক বিমানবন্দর ও বন্দরগুলোতেও সামরিক ব্যবহারের সুযোগ আরও সহজ হতে পারে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি চলতি বছর একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল উন্মোচনের পরিকল্পনা করছেন, যার লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে বাড়ানো। ওকিনাওয়া দ্বীপটি চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলার জন্য সামরিক কৌশলবিদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাইওয়ান থেকে ওকিনাওয়ার ইয়োনাগুনি দ্বীপের দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। তাইওয়ান ইস্যুতে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এই নির্বাচন ও ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment