গাজায় যুদ্ধবিধ্বস্ত বহুতল ধসে ১২ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা বহু

September 16, 2026

ফিলিস্তিনের গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় যুদ্ধবিধ্বস্ত একটি বহুতল ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দল ও বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি অনিরাপদ হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বেও সেখানে ১০টি পরিবার বসবাস করছিল। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর হামাস পরিচালিত সিভিল ডিফেন্স উদ্ধারকারী সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকায় শুরুতে খালি হাতেই উদ্ধারকাজ চালাতে হয়েছে। তবে পরবর্তীতে ভারী যন্ত্রপাতি সংগ্রহ করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি পুরোপুরি ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি যুদ্ধের কারণে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও হামাসের এক কমান্ডার রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজার দক্ষিণে হামাসের এক কমান্ডার এবং উত্তরে আরেক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিটি ঘটনায় শিশু নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ব্রিটিশ দাতব্য সংস্থা ‘মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস’ জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের সমর্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি ড্রোনের হামলায় এক রোগী নিহত হয়েছেন।

Leave a Comment