জার্মানির ব্রেমেনে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর মেরিন মাইক্রোবায়োলজির গবেষকরা গভীর সমুদ্রের এক ধরণের অণুজীবের মধ্যে অতি তাপসহনশীল এনজাইমের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ট্রিস্টান ওয়াগনারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, মিথানোকালডোকোকাস ইনফার্নাস নামের এই আকিয়া বা অণুজীবটি এমন তাপমাত্রায় নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম, যেখানে সাধারণ প্রোটিন কাঠামো ভেঙে পড়ে। এই আবিষ্কারটি প্রকৃতিতে নাইট্রোজেন রূপান্তরের প্রাচীন কৌশল সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে।
সাধারণত বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করা অত্যন্ত কঠিন, কারণ নাইট্রোজেন পরমাণুগুলোর মধ্যে শক্তিশালী বন্ধন থাকে। এই অণুজীবটি ৯০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও সেই বন্ধন ভাঙতে পারে। গবেষণায় দেখা গেছে, ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই এনজাইমের কিছু অংশ সক্রিয় থাকে, যা জৈবিক কাঠামোর জন্য এক অনন্য উদাহরণ।
গবেষক দলের সদস্য নেভেনা মাসলাচ জানান, এই এনজাইমটি সাধারণ কক্ষ তাপমাত্রায় সক্রিয় থাকে না, বরং উচ্চ তাপমাত্রায় এটি কার্যকর হয়। ফ্রান্সের গ্রেনোবলে অবস্থিত ইনস্টিটিউট ডি বায়োলজি স্ট্রাকচারাল-এ সিনক্রোট্রন প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা এই এনজাইমের আণবিক গঠন বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, এনজাইমটি গঠনগতভাবে মলিবডেনাম, ভ্যানাডিয়াম এবং আয়রনভিত্তিক নাইট্রোজেনেজগুলোর সমন্বয়ে গঠিত।
এই আবিষ্কারটি বায়োটেকনোলজি এবং সার উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। বর্তমানে শিল্পক্ষেত্রে যেভাবে উচ্চ শক্তি ব্যয় করে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, তার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব উপায়ে সার তৈরির গবেষণায় এই এনজাইমের গঠন ও কার্যপ্রণালী নতুন পথ দেখাতে পারে।