যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় মারাত্মক আকার ধারণ করা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটির স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছেন। চেস্টার কাউন্টি স্বাস্থ্য বিভাগের ক্লিনিক্যাল সুপারভাইজার ডেল উইজার জানিয়েছেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার বাইরে থাকা অ্যামিশ সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাতে তিনি প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি পরিবারগুলোর রান্নাঘরে বসে সদস্যদের টিকা দিচ্ছেন।
প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ল্যাঙ্কাস্টার কাউন্টির কাছাকাছি এলাকায় এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৩০০টি এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তাদের এই প্রচেষ্টা সত্ত্বেও পেনসিলভানিয়ায় হামের জটিলতায় চারজনের মৃত্যু হয়েছে, যা ১৯৯২ সালের পর থেকে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব।
ডেল উইজার জানান, যারা সাধারণত স্বাস্থ্য বীমার আওতাভুক্ত নন বা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সংস্পর্শে কম আসেন, তাদের মধ্যে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। কথোপকথন এবং আস্থা অর্জনের মাধ্যমে অনেককে টিকা গ্রহণে রাজি করানো সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যামিশ সম্প্রদায়ের প্রায় ৯০ হাজার মানুষ পেনসিলভানিয়ায় বসবাস করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্প্রদায়ের মানুষের টিকা না নেওয়ার পেছনে কোনো ধর্মীয় নিষেধাজ্ঞা নেই, বরং যোগাযোগ ও যাতায়াতের অসুবিধাই বড় কারণ। তবে বর্তমানে হামের বিস্তার এবং শিশু মৃত্যুর ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
চেস্টার কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক জঁ ফ্র্যাঙ্কলিন জানান, কোভিড মহামারির সময় যে কৌশল অবলম্বন করা হয়েছিল, ঠিক সেই পদ্ধতিতে এখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য প্রচার ও টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৫৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৪০ জনকেই তাদের বাড়িতে সেবা দেওয়া হয়েছে।
এদিকে হামের মৃত্যুর কারণ নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ ও ফেডারেল কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা মনে করছেন, টিকার নিরাপত্তা নিয়ে ছড়ানো ভুল তথ্য ও বিভ্রান্তি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভাইরাসের উচ্চ সংক্রমণ ক্ষমতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ছয় থেকে বারো মাস সময় লেগে যেতে পারে।