দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ডিভাইসে ‘মাই ফ্যানক্যাম’ নামে একটি নতুন এআই ফিচার যুক্ত করেছে। ভিডিও ধারণের পর গ্যালাক্সি এআই-এর সহায়তায় কোনো গ্রুপ ভিডিও থেকে নির্দিষ্ট ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত করে তাকে ফ্রেমের কেন্দ্রে নিয়ে আসাই এই ফিচারের মূল উদ্দেশ্য। এই প্রযুক্তি ব্যবহারকারীর ভিডিও সম্পাদনার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।
কিভাবে ব্যবহার করবেন
মাই ফ্যানক্যাম ব্যবহারের জন্য শুটিংয়ের সময় কোনো বিশেষ সেটিং চালু করার প্রয়োজন নেই। বরং ভিডিওটি ধারণের পর স্যামসাং গ্যালারিতে গিয়ে এডিটিং টুল থেকে এই ফিচারটি খুঁজে নিতে হবে। ভিডিও নির্বাচন করার পর গ্যালাক্সি এআই আইকনে ট্যাপ করে মাই ফ্যানক্যাম ফিচারটি বেছে নিতে হবে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে থাকা ব্যক্তিদের চিহ্নিত করবে। এখান থেকে আপনি যাকে ফোকাসে রাখতে চান তাকে নির্বাচন করতে পারবেন। সবশেষে ভিডিওর প্রয়োজন অনুযায়ী অ্যাপেক্ট রেশিও ঠিক করে ‘ফলো’ বাটনে ট্যাপ করলেই ভিডিওটি নতুন করে সাজানো হবে।
কেন গুরুত্বপূর্ণ
সাধারণত ভিডিও ধারণের সময় ক্যামেরা ম্যানকে সব সময় নির্দিষ্ট ব্যক্তির দিকে লেন্স ঘুরিয়ে রাখতে হয়, যা বেশ কষ্টসাধ্য। মাই ফ্যানক্যাম এই ঝামেলা থেকে মুক্তি দেয়। ব্যবহারকারীকে ভিডিও ধারণের সময় পুরো দৃশ্য বা গ্রুপ ফুটেজটি চওড়া ফ্রেমে ধারণ করলেই চলে। পরবর্তীতে এডিটিংয়ের সময় নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচন করলে এআই স্বয়ংক্রিয়ভাবে তাকে ট্র্যাকিং করে ফ্রেমবন্দি করে। এটি বিশেষ করে স্কুল পারফরম্যান্স বা খেলার মাঠের ভিডিওর ক্ষেত্রে বেশ কার্যকর।
সীমাবদ্ধতা ও সামঞ্জস্যতা
মাই ফ্যানক্যাম ফিচারটি মূলত ভিডিওর সংরক্ষিত তথ্যের ওপর ভিত্তি করে কাজ করে। ফলে যদি ভিডিও ধারণের সময় কোনো ব্যক্তি ফ্রেমের বাইরে চলে যান, তবে এআই তাকে আর খুঁজে পাবে না। এছাড়া বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ এবং ফোল্ড ৮ আল্ট্রা ডিভাইসে ওয়ান ইউআই ৯ আপডেটসহ এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইস, ভাষা এবং অঞ্চলের ভিত্তিতে এই ফিচারের প্রাপ্যতা ভিন্ন হতে পারে। তাই সব ডিভাইসে এটি কাজ নাও করতে পারে।