মানব ডিএনএ-র রহস্যময় ‘অন সুইচ’ শনাক্ত করল কৃত্রিম বুদ্ধিমত্তা

August 24, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মানব ডিএনএ-র মধ্যে থাকা জিন সক্রিয় করার একটি গোপন ‘অন সুইচ’ বা সূচনাকারী অংশ শনাক্ত করেছেন। অধ্যাপক জেমস টি. কাডোনাগার নেতৃত্বাধীন এই গবেষণাটি জিন প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

মানবদেহের সুস্থ বিকাশ ও কোষের কার্যকারিতা বজায় রাখতে হাজার হাজার জিন নির্দিষ্ট সময়ে সক্রিয় হওয়া জরুরি। ডিএনএ-র নির্দিষ্ট কিছু অংশ এনজাইম, হরমোন ও প্রোটিন তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যদি এই সক্রিয়করণ প্রক্রিয়ায় কোনো ত্রুটি ঘটে, তবে কোষের কার্যকারিতা ব্যাহত হয় এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে। গবেষকরা মূলত ‘ইনিশিয়েটর’ নামক ডিএনএ উপাদানের ওপর মনোযোগ দিয়েছেন, যা একটি জিনের তথ্য প্রোটিনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে।

গবেষণার অংশ হিসেবে স্নাতক শিক্ষার্থী টরি রাইন-ক্যারিগের নেতৃত্বে গবেষক দলটি প্রায় ৫ লাখ ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন। এই তথ্য ব্যবহার করে একটি মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করা হয়, যা ডিএনএ-র মধ্যে ইনিশিয়েটরের বৈশিষ্ট্যপূর্ণ প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, মানুষের প্রায় ৬০ শতাংশ জিনে এই সূচনাকারী অংশটি বিদ্যমান।

অধ্যাপক জেমস টি. কাডোনাগা বলেন, এই মডেলের মাধ্যমে প্রথমবারের মতো মানুষের জিনে সূচনাকারী অংশের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। এটি জিন এক্সপ্রেশন কোড বোঝার ক্ষেত্রে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি জিনের কার্যকারিতা এবং নির্দিষ্ট কোনো মিউটেশনের প্রভাব আগে থেকেই অনুমান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Comment