২০২৮ সালে আসছে দ্য উইচার ৪

August 25, 2026

পোল্যান্ডের ওয়ারশতে গেম ডেভেলপার কোম্পানি সিডি প্রজেক্ট রেড (সিডি পিআর) জানিয়েছে, তারা ২০২৮ সালের মধ্যে ‘দ্য উইচার ৪’ গেমটি বাজারে আনার পরিকল্পনা করছে। কোম্পানির জয়েন্ট-সিইও মিচেল নোভাকোস্কি এক ভিডিও বার্তায় গেমটির মুক্তির লক্ষ্যের বিষয়টি নিশ্চিত করেছেন। গেমটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড়, সাহসী ও উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে গণ্য করা হচ্ছে।

২০২২ সালে প্রথমবার এই সিক্যুয়েলের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের গেম অ্যাওয়ার্ডসে এর প্রথম ট্রেলার প্রকাশিত হয়। দীর্ঘ অপেক্ষার বিষয়ে মিচেল নোভাকোস্কি বলেন, গেমটি দ্রুত খেলার জন্য ভক্তদের আকাঙ্ক্ষা থাকলেও, ডেভেলপার টিমকে মানসম্মত গেম তৈরির জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

আসন্ন গেমসকম মেলা নিয়ে কোম্পানিটি জানিয়েছে, আগামী ২৬ আগস্ট শুরু হতে যাওয়া এই আয়োজনে ‘দ্য উইচার ৪’-এর কোনো প্রদর্শন থাকবে না। তবে তারা ‘দ্য উইচার ৩: ওয়াইল্ড হান্ট – সংস অব দ্য পাস্ট’ নামক নতুন একটি সম্প্রসারিত সংস্করণ (এক্সপ্যানশন) নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। এটি ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া অ্যাকশন আরপিজি গেম দ্য উইচার ৩-এর এই তৃতীয় এক্সপ্যানশনটিতে অন্ধকার ঘরানার গল্প ও নতুন কনটেন্ট যুক্ত করা হবে।

Leave a Comment