যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শক্স ওপেনফিট এয়ার ২ ইয়ারবাডস উন্মোচন করেছে নির্মাতা প্রতিষ্ঠান শক্স। আগের প্রজন্মের তুলনায় প্রায় ১৭ থেকে ২০ শতাংশ হালকা এই ইয়ারবাডগুলো ওজনে প্রতিটি মাত্র ৭.২ গ্রাম। ওপেন-ইয়ার ডিজাইনের এই ডিভাইসটি ব্যবহারকারীদের কানের ওপর চাপ কমায় এবং দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
ডিজাইন ও সুবিধা
ওপেন-ইয়ার ডিজাইনের কারণে কানের ভেতরে কোনো সিল তৈরি হয় না, যা দীর্ঘক্ষণ ব্যবহারের ক্ষেত্রে আরামদায়ক। বিশেষ করে ব্যস্ত শহরের রাস্তায় দৌড়ানোর সময় চারপাশের শব্দ শোনার সুবিধা থাকায় এটি দৌড়বিদদের কাছে পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। ইয়ার-হুক যুক্ত এই ডিভাইসের ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে তা কানে স্থিতিশীল থাকে, তবে চশমা বা টুপি ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডিজাইনটি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।
সাউন্ড ও প্রযুক্তি
নতুন এই মডেলে আগের চেয়ে সমৃদ্ধ বাস এবং পূর্ণাঙ্গ সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। শক্স তাদের নিজস্ব বাস্ফিয়ার অডিও ড্রাইভার এবং ওপেনবাস ২.০ অ্যালগরিদম ব্যবহার করেছে এতে। শব্দের স্বাভাবিক অভিজ্ঞতা দিতে এর স্পিকারগুলো এমনভাবে কৌণিক রাখা হয়েছে যাতে তা সরাসরি কানের দিকে মুখ করে থাকে। এ ছাড়া শক্স অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা চারটি প্রিসেট ইকিউ মোড এবং দুটি কাস্টম ইকিউ প্রোফাইল ব্যবহারের সুযোগ পাবেন।
ব্যাটারি ও সংযোগ
একবার চার্জে ইয়ারবাডগুলো আট ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। চার্জিং কেসসহ সর্বমোট ৩৬ ঘণ্টা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। ১০ মিনিটের কুইক চার্জে পাওয়া যাবে তিন ঘণ্টার প্লেব্যাক সময়। আধুনিক ব্লুটুথ ৬.১ প্রযুক্তির এই ডিভাইসে মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি সুবিধা রয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে এটি ১৩০ ডলারে বাজারে পাওয়া যাবে।
ওপেনরান এয়ার ২
শক্স একই সাথে ওপেনরান এয়ার ২ মডেলের ইয়ারবাডসও পরিচয় করিয়ে দিয়েছে। মাথার পেছন দিয়ে পেঁচিয়ে পরা যায় এমন ডিজাইনের এই ডিভাইসটি বিশেষভাবে দৌড়বিদদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে দৌড়ানোর সময় এটি নড়াচড়া না করে। হাড়ের কম্পন বা বোন কন্ডাকশন ড্রাইভার ব্যবহার করা এই ডিভাইসটির চার্জ ১০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় এবং এর দামও নির্ধারণ করা হয়েছে ১৩০ ডলার।