যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মিনি পিসি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ছোট আকারের কারণে এই ডিভাইসগুলোতে পর্যাপ্ত কুলিং বা শীতলীকরণ ব্যবস্থা থাকে না, যা দীর্ঘমেয়াদে পারফরম্যান্সে প্রভাব ফেলে। জ্যাক হুইটকম্বের প্রতিবেদনে বলা হয়েছে, মিনি পিসি কেনার আগে এর সীমাবদ্ধতাগুলো বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীমিত আপগ্রেড সুবিধা
সাধারণ ডেস্কটপের তুলনায় মিনি পিসিতে যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ অনেক কম। অধিকাংশ ক্ষেত্রে এর সিপিইউ (CPU) এবং জিপিইউ (GPU) মাদারবোর্ডের সাথে সোল্ডার করা থাকে, যা সাধারণ ব্যবহারকারীর পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। ল্যাপটপের মতো এগুলোও মূলত আপগ্রেড করার উপযোগী করে তৈরি করা হয় না। কিছু ডিভাইসে র্যাম বা এসএসডি পরিবর্তনের সুযোগ থাকলেও অনেক মডেলের ক্ষেত্রে সেটিও সম্ভব হয় না।
কুলিং ও পারফরম্যান্সের সীমাবদ্ধতা
মিনি পিসির ছোট কাঠামোর ভেতর বড় ফ্যান বা লিকুইড কুলিং সিস্টেম বসানো কঠিন। ফলে ভারি কাজ বা গেমিংয়ের সময় ডিভাইসটি দ্রুত গরম হয়ে যায় এবং শব্দ তৈরি করে। ডেস্কটপ পিসির তুলনায় এটি কুলিংয়ের দিক থেকে পিছিয়ে থাকে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
মেরামতের জটিলতা
ডেস্কটপ পিসি নষ্ট হলে এর নির্দিষ্ট যন্ত্রাংশ বদলে আবার সচল করা যায়। কিন্তু মিনি পিসির ক্ষেত্রে তেমনটা করা কঠিন। মাদারবোর্ড বা সিপিইউ নষ্ট হয়ে গেলে সাধারণত পুরো ডিভাইসটিই পরিবর্তনের প্রয়োজন পড়ে। এছাড়া ওয়ারেন্টি সুবিধার বাইরে এগুলোর মেরামত খরচ বেশ ব্যয়বহুল হতে পারে।
বিনিয়োগ ও উপযোগিতা
মিনি পিসির দামের ক্ষেত্রে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। বাজেট পিসি থেকে শুরু করে অনেক দামি এআই ওয়ার্কস্টেশন পর্যন্ত বাজারে রয়েছে। তবে একই বাজেটে একটি ডেস্কটপ পিসি কিনলে অনেক বেশি পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধা পাওয়া সম্ভব। ফলে সাশ্রয়ী বিকল্প হিসেবে মিনি পিসি কেনার আগে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা জরুরি।