বিমানবালাদের স্তন ক্যানসারের কারণ মহাজাগতিক বিকিরণ, রায় ফরাসি আদালতের

August 26, 2026

ফ্রান্সের বায়ন শহরে এক আদালতের রায়ে প্রথমবারের মতো একজন দীর্ঘমেয়াদী বিমানবালার স্তন ক্যানসারের পেছনে মহাজাগতিক বিকিরণের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। ৫৯ বছর বয়সী সোফি লিনো, যিনি এয়ার ফ্রান্সের সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন, তার অসুস্থতাকে পেশাগত রোগ হিসেবে স্বীকৃতির আবেদন করেছিলেন। আদালতের রায়ে বলা হয়েছে, তার ক্যানসারের পেছনে মহাজাগতিক বিকিরণ ছাড়াও কর্মক্ষেত্রে দীর্ঘ সময় রাতের ডিউটি এবং পরোক্ষ ধূমপানের মতো ঝুঁকিপূর্ণ কারণগুলো দায়ি ছিল।

পেশাগত ঝুঁকির স্বীকৃতি

সোফি লিনো ১৯৮৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এয়ার ফ্রান্সের বিভিন্ন বিমানে ১২ হাজার ৬০০ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি সময় ছিল রাতের শিফট। আদালতের এই রায়ের ফলে এখন থেকে সোফি লিনো তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ফরাসি স্বাস্থ্য ব্যবস্থা থেকে পাবেন এবং তিনি আগাম অবসরে যাওয়ার সুযোগ পাবেন। আইনজীবীদের মতে, এই রায় অন্যান্য বিমানকর্মীদের জন্যও একই ধরনের আইনি সুরক্ষা দাবি করার পথ সুগম করেছে।

বিকিরণের প্রভাব ও উদ্বেগ

উচ্চ উচ্চতায় বিমান পরিচালনার সময় মহাজাগতিক বিকিরণের সংস্পর্শে আসার বিষয়টি নতুন নয়। বিশেষ করে উত্তর মেরুর কাছাকাছি দিয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনার সময় সূর্যের কণা এবং মহাজাগতিক রশ্মির বিকিরণ সবচেয়ে বেশি তীব্র থাকে। হার্ভার্ড মেডিকেল স্কুলের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অন্যান্য পেশার তুলনায় পাইলট ও বিমানবালাদের মধ্যে বিকিরণজনিত ক্যানসারে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেশি।

এয়ার ফ্রান্সের প্রতিক্রিয়া

এই রায় নিয়ে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা এই আইনি প্রক্রিয়ার অংশ ছিল না এবং আদালতের রায়ের বিস্তারিত যুক্তি এখনো পর্যালোচনা করেনি। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ দাবি করেছে, কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা তাদের কাছে সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং নিয়মের চেয়েও বেশি চিকিৎসাসুবিধা তাদের কর্মীরা পেয়ে থাকেন।

Leave a Comment