যুক্তরাষ্ট্রের পেরিফেরাল নির্মাতা প্রতিষ্ঠান সিআরকেডি ১০ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া রিদম গেম ‘স্টেজ ট্যুর’-এর জন্য তিনটি বিশেষ গিবসন গিটার কন্ট্রোলার উন্মোচন করেছে। রেডঅকটেন গেমসের নতুন এই গেমটির জন্য বিশেষভাবে ডিজাইন করা কন্ট্রোলারগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে।
স্টেজ ট্যুর প্রো গিটার কালেকশনে থাকছে গিবসন লেস পল, গিবসন এসজি এবং গিবসন এক্সপ্লোরার মডেলের কন্ট্রোলার। লেস পল অক্সব্লাড সংস্করণটি আইকনিক গিটারের আদলে তৈরি। এসজি মিডনাইট ব্লু সংস্করণটি গিটার হিরো ২-এর পরিত্যক্ত কনসেপ্ট থেকে অনুপ্রাণিত এবং ৮কে গিবসন এক্সপ্লোরারটি ২০০৭ সালের ক্লাসিক এক্স-প্লোরার কন্ট্রোলারের স্মারক হিসেবে তৈরি করা হয়েছে।
নতুন এই কন্ট্রোলারগুলোতে হল ইফেক্ট ক্লিক স্ট্রাম বার, মেকানিক্যাল ফ্রেট এবং এলইডি নেক লাইটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। মডেল ভেদে ১,০০০ থেকে ৮,০০০ হার্জ পর্যন্ত পোলিং রেট নিশ্চিত করা হয়েছে, যা গেমিং অভিজ্ঞতায় ল্যাটেন্সি কমিয়ে আনবে।
স্টেজ ট্যুর গেমটি পিসি, প্লে-স্টেশন ৫, সুইচ ২ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস প্ল্যাটফর্মে ১০ ডিসেম্বর মুক্তি পাবে। গেমটিতে ড্রামস, ভোকাল, কিবোর্ড এবং গিটার ব্যবহারের সুবিধা থাকবে। গেমটি মুক্তির সাথে সাথে ৯০টিরও বেশি গানের তালিকা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। গিবসন এসজি ও লেস পল কন্ট্রোলারগুলো গেম মুক্তির দিন থেকেই পাওয়া যাবে, তবে এক্সপ্লোরার মডেলটি বাজারে আসতে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে।