ইসরায়েলে বন্দি মার্কিন শিক্ষার্থীকে মুক্ত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি মার্কিন আইনপ্রণেতাদের আহ্বান

August 26, 2026

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের কারাগারে বন্দি মার্কিন শিক্ষার্থী সামা সাফিকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেসের ৪০ জনেরও বেশি সদস্য। কংগ্রেসউইম্যান রাশিদা তালিবের নেতৃত্বে আইনপ্রণেতারা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লেখা এক চিঠিতে দাবি করেছেন, ইসরায়েলের কারাগারে অত্যন্ত মানবেতর অবস্থায় ওই শিক্ষার্থীর স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাকে অবিলম্বে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা।

২০ বছর বয়সী সামা সাফি ফিলিস্তিনের বিরজেইত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। প্রায় তিন মাস আগে অধিকৃত পশ্চিম তীরের নিজ বাড়ি থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে। কোনো অভিযোগ ছাড়াই তাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। এই চিঠিতে এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স এবং ক্রিস ভ্যান হোলেনসহ ছয়জন মার্কিন সিনেটর স্বাক্ষর করেছেন।

আইনপ্রণেতারা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, সামা সাফি ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার নামক একটি জেনেটিক রোগে ভুগছেন। তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হয়, যা কারাগারে তিনি পাচ্ছেন না। এছাড়া তাকে গালিগালাজ, শারীরিক যন্ত্রণাদায়ক অবস্থানে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চর্মরোগের সংক্রমণের ঝুঁকির মধ্যে রাখা হয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের আটকের বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ট্রাম্প প্রশাসন বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।

রাইট গ্রুপ ডন-এর অ্যাডভোকেসি ডিরেক্টর রায়েদ জারার বলেছেন, সামা সাফির আটকাদেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের লেহি আইন অনুযায়ী ইসরায়েলে সামরিক সহায়তা স্থগিতের জন্য যথেষ্ট হওয়া উচিত। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘বৈরী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদে জড়িত থাকার’ অভিযোগে সামা সাফিসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment