যুক্তরাষ্ট্রের বাজারে সাইবারপাংক ২০৭৭ গেমের আদলে নতুন ‘কমোডোর ৭৭’ সংস্করণ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান কমোডোর। গেম ডেভেলপার সিডি প্রজেক্ট রেডের সহযোগিতায় তৈরি এই কম্পিউটারটি মূলত কমোডোর ৬৪ আলটিমেট মডেলের একটি বিশেষ সংস্করণ, যা গেমটির নাইটি সিটি শহরের আবহকে ফুটিয়ে তোলে।
কম্পিউটারটির বাইরের আবরণে হলুদ রঙের ব্যবহার, গ্রাফিতি এবং পুরোনো স্টিকারের নকশা করা হয়েছে, যা এটিকে একটি ডিস্টোপিয়ান বা ধ্বংসপ্রায় শহরের যন্ত্রপাতির রূপ দিয়েছে। বুট স্ক্রিন থেকে শুরু করে এর নকশায় আনা হয়েছে আধুনিক পরিবর্তন।
এর সাথে একটি বিশেষ ‘আরাসাকা’ ডিজাইন কার্টিজ যুক্ত থাকবে, যাতে আরিস গ্রুপ ও লুখাশের তৈরি সাইবারপাংক ইউনিভার্সের ওপর একটি ডেমো সংস্করণ থাকবে। এছাড়াও প্যাকেজে থাকছে নিয়ন পাওয়ার লাইট, স্টিকার, পিন এবং একটি বিশেষ গাইডবুক।
এফপিজিএ প্রযুক্তিতে তৈরি এই নতুন মডেলটিতে এইচডিএমআই, ইউএসবি এবং ওয়াইফাই সুবিধা রয়েছে। এটি আগের কমোডোর ৬৪ এক্সেসরিজের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ইউটিউবার ক্রিশ্চিয়ান সিম্পসন এটি পুনরুজ্জীবিত করেছেন।
বর্তমানে কমোডোর ডট নেট ওয়েবসাইটে ৩ ৭৭ মার্কিন ডলারে এই বিশেষ কম্পিউটারটির প্রি-অর্ডার শুরু হয়েছে। তবে এটি কবে নাগাদ গ্রাহকদের হাতে পৌঁছাবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি।